চলতি বছর ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, মঙ্গলবার (১ জুলাই) হেগসেথ ও রাজনাথ সিং টেলিফোনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল ক্রিস ডেভাইন জানান, ওই কথোপকথনের সময় এই সিদ্ধান্ত হয়। ওই দিনই হেগসেথ ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন।
কর্নেল ডেভাইন বলেন, ‘১ জুলাই পিট হেগসেথ রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন। এই দুই নেতা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত যৌথ বিবৃতির আলোকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করেন।’
মার্কিন প্রতিরক্ষা মুখপাত্র আরও বলেন, ‘আলোচনায় উল্লেখযোগ্য কয়েকটি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের কাছে বিক্রির বিষয় এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।’
তিনি আরও বলেন, ‘দুই মন্ত্রী চলতি বছর আবার দেখা হলে পরবর্তী ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছেন।’ তবে কবে এই বৈঠক হবে, তার কোনো নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি।
হেগসেথ ও জয়শঙ্করের সাক্ষাতের বিষয়ে ডেভাইন জানান, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগ্রাসনের ঝুঁকি নিয়ে দুই দেশেরই উদ্বেগ রয়েছে। এ নিয়ে তারা কথা বলেছেন।’
তিনি বলেন, ‘বড় ধরনের কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে, নতুন ১০ বছরের প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষর, উন্নত প্রযুক্তিনীতির অগ্রগতি—এসব নিয়েও আলোচনা হয়।পাশাপাশি উভয় দেশ ইন্ডাস-এক্স সামিট নামের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রযুক্তি সম্মেলন এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার শিল্প জোট এএসআইএ চালুর বিষয়টিও স্বাগত জানিয়েছে।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জয়শঙ্করের সঙ্গে এই বৈঠকে হেগসেথ বলেন, ‘ট্রাম্প ও মোদি আমাদের সম্পর্কের জন্য যে শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছেন, আমরা তা আরও এগিয়ে নিচ্ছি—বাস্তবসম্মত, ফলপ্রসূ ও যুক্তিসঙ্গতভাবে।’
সুলতানা দিনা/