ইসরাইলের অবরোধ ভাঙার লক্ষ্য নিয়ে ম্যাডলিনের পর এবার গাজার উদ্দেশ্যে ইতালি থেকে নতুন নৌযাত্রা শুরু করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘হানডালা’ নামের একটি নৌযান।
‘হানডালা’ নৌযানটি ইতালির সিরাকুসা বন্দর থেকে রবিবার (১৩ জুলাই) গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
কোয়ালিশন এক বিবৃতিতে জানায়, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক পানিসীমা থেকে ইসরাইলি বাহিনী আমাদের ‘ম্যাডলিন’ নৌযান জব্দ করে এবং ১২ জন নিরস্ত্র কর্মীকে আটক করে। তা সত্ত্বেও, বৈশ্বিক সংহতির শক্তিতে আমরা ইসরাইলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধকে চ্যালেঞ্জ জানিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছি।’
রবিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানায় তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
সংগঠনটি জানায়, গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করাই এই মিশনের মূল উদ্দেশ্য। তবে এই মিশনে কতজন কর্মী অংশ নিচ্ছেন, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রায় ১৮ জন থাকার সম্ভাবনা রয়েছে, এবং ফ্রান্সের বামপন্থি রাজনৈতিক দল লা ফ্রঁস ইনসুমিস (এলএফআই)-এর দুই সদস্য নৌযানে যোগ দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৬ জুন ইতালির সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল ব্রিটিশ পতাকাবাহী নৌযান ‘ম্যাডলিন’। কিন্তু ৯ জুন ইসরাইলি নৌবাহিনী সেটি জব্দ করে এবং নৌযানের ১২ সদস্যকে আটক করে। ইসরাইলের নৌ অবরোধের কারণে গাজার জনগণ চরম মানবিক সংকটে রয়েছে, আর এই অবরোধ ভেঙে খাদ্য ও ওষুধসহ জরুরি সহায়তা পৌঁছানোর লক্ষ্য নিয়েই বারবার এমন অভিযান চালাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজার জনগণ দীর্ঘদিন ধরে ইসরাইলের অবরোধে খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকটে ভুগছে। ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছে দিতে এবং গাজার জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিতে তাদের এই মিশন অব্যাহত থাকবে।
সুলতানা দিনা/