পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, সিন্ধু পানিচুক্তি লঙ্ঘন করে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধের যে কোনো প্রচেষ্টা ভারতের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। “শত্রু (ভারত) পাকিস্তান থেকে এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না। যদি এমন চেষ্টা করো, পাকিস্তান তোমাদের এমন শিক্ষা দেবে যা ইতিহাসে লেখা থাকবে।”
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে জানান, পানি পাকিস্তানের প্রাণশক্তি এবং দেশের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপস হবে না। এপ্রিল মাসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে ২৬ জন নিহতের ঘটনার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। নয়াদিল্লি অভিযোগ করে, হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে- যা ইসলামাবাদ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
শাহবাজ শরিফ বলেন, ১০ মে পাকিস্তান সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে বিজয় অর্জনের পর একটি “নতুন পাকিস্তান” আত্মপ্রকাশ করেছে। তার দাবি, পাকিস্তান বিমান বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যা ছিল দেশের সামরিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ওই ঘটনার সূত্র ধরে শুরু হয় সাম্প্রতিক দশকের সবচেয়ে ভয়াবহ ভারত-পাকিস্তান যুদ্ধ, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু সিন্ধু নদী অববাহিকার পানি ব্যবহারের অধিকার। ১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি অনুযায়ী, একতরফাভাবে পানি বন্ধ বা চুক্তি বাতিলের কোনো বিধান নেই এবং এতে স্পষ্ট বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া নির্ধারিত আছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন- মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১ লাখ ল্যাপটপ বিনা সুদে বিতরণ করা হবে। “এই সরকার স্বচ্ছতা ও ন্যায্যতায় বিশ্বাসী, এবং আমরা বিতরণ প্রক্রিয়ায় তা নিশ্চিত করব,” বলেন তিনি।
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতিকে অভিনন্দন জানিয়ে শাহবাজ শরিফ পাকিস্তানের সৃষ্টি ও উন্নয়নে সংখ্যালঘু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি তরুণদের উদ্দেশে বলেন, শিক্ষা ও প্রযুক্তির শক্তি দিয়েই পাকিস্তান এগিয়ে যাবে এক নতুন ভবিষ্যতের পথে। সূত্র: জিও নিউজ
মেহেদী/