সিরিয়ার সরকারি টেলিভিশনের খবর অনুযায়ী, ইসরায়েলের ড্রোন হামলায় রাজধানী দামেস্কের অদূরে কমপক্ষে ছয় সিরীয় সেনা নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে এই খবর প্রকাশ করা হয়।
এর আগে সিরিয়ার সরকার ইসরায়েলকে তার সার্বভৌমত্ব বারবার লঙ্ঘন করার জন্য সমালোচনা করে, অভিযোগ আনে যে ৬০ জন ইসরায়েলি সেনা নতুন করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে, বিশেষ করে মাউন্ট হারমন এলাকায়।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের সৈন্যরা দক্ষিণ সিরিয়ায় ‘রুটিন অভিযান’ পরিচালনা করছিল। ওই এলাকার অনেকটাই তারা বর্তমানে নিয়ন্ত্রণ করে রেখেছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, এই হামলা “আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি”।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ইসরায়েলকে দোষারোপ করেছেন বলেন, ইসরায়েল দখলকৃত এলাকায় সামরিক অবস্থান ও গোয়েন্দা কেন্দ্র স্থাপন করছে, যা ইসরায়েলের “সম্প্রসারণবাদী ও ভূখণ্ড পরিকল্পনার” অংশ।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ মাসে স্পষ্টভাবে “বৃহত্তর ইসরায়েল” নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রচার করেছেন, যা ফিলিস্তিনি অঞ্চল এবং লেবানন, সিরিয়া, মিশর ও জর্ডানের বিস্তীর্ণ অংশে উপনিবেশ স্থাপনের প্রকল্প।
ইসরায়েল ১৯৬৭ সালে দখল নেওয়ার পর থেকে গোলান উচ্চভূমি নিয়ন্ত্রণ করছে এবং এই অঞ্চলের উপর ক্রমাগত নিয়ন্ত্রণ শক্তিশালী করছে।
বাশার আল-আসাদের পতনের পর থেকে, ইসরায়েল অতিরিক্ত ৪০০ বর্গকিলোমিটার সিরীয় ভূখণ্ড দখল করেছে, যার মধ্যে মাউন্ট হারমনের শীর্ষও রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৮০০ মিটারেরও বেশি উচ্চতায়।
ইসরায়েলি কর্মকর্তারা এই দখলকে “প্রতিরক্ষামূলক কৌশল” হিসেবে উদযাপন করলেও, সমালোচকরা এটিকে উপনিবেশবাদী আগ্রাসনের প্রকাশ্য প্রচেষ্টা এবং আঞ্চলিক অস্থিরতার অংশ হিসেবে দেখছেন।
জানুয়ারিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেছিলেন, তারা মাউন্ট হারমন “অনন্তকাল” ধরে রাখবে।
এই ঘটনা ঘটে এমন সময় যখন ইসরায়েল গাজায় গণহত্যা যুদ্ধ চালাচ্ছে, যেখানে ইতিমধ্যেই ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, এবং দক্ষিণ লেবানন দখল অব্যাহত রেখেছে। সূত্র: মিডল ইস্ট আই
মাহফুজ/