প্রবল নর’ইস্টার ঝড়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ডার্টমাউথের ইন্টারস্টেট ১৯৫ (I-195) সড়কের মাঝখানে ঘাসে ঢাকা জায়গায় বিমানটি পড়ে যায়। ঘটনাস্থলেই বিমানের দুই আরোহীর মৃত্যু হয়। মাটিতে থাকা এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার পরিচয় ও অবস্থা এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকাজে সহায়তার জন্য মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাজ্য পরিবহন দপ্তর (MassDOT) জানিয়েছে, সড়কটি কয়েকঘণ্টা বন্ধ থাকতে পারে।
ড্রোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে আছে এবং সেটি একপাশে উলটে পড়ে রয়েছে। আশপাশের অন্তত একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পাইলট কাছাকাছি নিউ বেডফোর্ড আঞ্চলিক বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন, তবে বিমানটির কোনো ফ্লাইট পরিকল্পনা বা আরোহীর সংখ্যা সম্পর্কে বিমানবন্দরকে আগে জানানো হয়নি।
এদিকে চলমান সরকারি অচলাবস্থার কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) কোনো মন্তব্য করতে পারেনি।
সংস্থাটি জানিয়েছে, তহবিলের ঘাটতির কারণে FAA আপাতত গণমাধ্যমের নিয়মিত প্রশ্নের উত্তর দিচ্ছে না।
ঘটনার সময় এলাকায় ঘণ্টায় প্রায় ৫৫ মাইল বেগে বাতাস বয়ে যাচ্ছিল এবং চার ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর।
ঘটনার তদন্তে কাজ করছে ব্রিস্টল কাউন্টি স্টেট পুলিশের গোয়েন্দা ইউনিট। পাশাপাশি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)–কেও তদন্তে যুক্ত করা হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেহেদী/