হোয়াইট হাউসের শুধু ইস্ট উইং নয়, এর ভেতরের ঐতিহাসিক স্থানগুলোও নতুন করে সাজাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ হোয়াইট হাউসের সম্পূর্ণভাবে সংস্কারকৃত ‘লিংকন বাথরুম’-এর ছবি প্রকাশ করেছেন—যা এখন সাদা মার্বেল ও সোনার অলঙ্করণে ঝলমল করছে।
ট্রাম্প লিখেছেন, “আমি হোয়াইট হাউসের লিংকন বাথরুম সংস্কার করেছি। এটি ১৯৪০-এর দশকে আর্ট ডেকো সবুজ টাইলস দিয়ে সাজানো হয়েছিল, যা লিংকন যুগের জন্য একেবারেই অনুপযুক্ত ছিল।”
তিনি আরও যোগ করেন, “আমি এটি কালো ও সাদা রঙের চকচকে মার্বেল দিয়ে পুনর্নির্মাণ করেছি। এটি আব্রাহাম লিংকনের সময়ের জন্য যথাযথ, বরং সম্ভবত সেই সময়েরই মূল মার্বেল হতে পারে!”
সম্প্রতি হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ট্রাম্প। ওই স্থানে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের ৩০ কোটি ডলারের একটি নতুন বলরুম নির্মাণ করছেন তিনি, যার অর্থায়ন আসছে বেসরকারি অনুদান থেকে।
তবে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট ও ইপসোস জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশ আমেরিকান ইস্ট উইং ভেঙে নতুন বলরুম নির্মাণের বিরোধিতা করেছেন, যার মধ্যে ৪৫ শতাংশ ‘তীব্রভাবে’ এর বিপক্ষে। অন্যদিকে মাত্র ২৮ শতাংশ এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প হ্যারি ট্রুম্যানের সময়ে করা ‘লিংকন বেডরুম’-এর ডিজাইন, যার মধ্যে বাথরুমও অন্তর্ভুক্ত, সমালোচনা করেন।
তিনি বলেন, “এটি মোটেই ভালো স্টাইল নয়... এটি আর্ট ডেকো ধাঁচের, যা ১৮৫০ সালের আমল ও গৃহযুদ্ধের সময়ের সঙ্গে মোটেও মানানসই নয়।”
উল্লেখ্য, প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১৯৪৫ সালে ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পরপরই লিংকন বেডরুম পুনর্নির্মাণ করেন এবং সেটিকে নীল রঙের আধুনিক ডিজাইনে সাজিয়ে তোলেন। সূত্র: এবিসি নিউজ, সিএনএন
মাহফুজ/