চীনের ইতিহাসে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় মজুদের সোনার খনির সন্ধান মিলেছে। ১৯৪৯ সালের পর থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আবিষ্কার হওয়া স্বর্ণের এই একক মজুতটি তাদের ইতিহাসে সবচেয়ে বড়।
শুক্রবার (১৪ নভেম্বর) চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদোংগৌ সোনার খনিতে মোট ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন প্রমাণিত স্বর্ণের মজুত পাওয়া গেছে।
একই দিন এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে, ফলে এটি উন্নয়ন ও উত্তোলনের জন্য এখন প্রস্তুত। একইসঙ্গে এটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত খনি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে।
কর্মকর্তারা জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার উপরের এলাকাজুড়ে প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে এবং সেখানে প্রতি টনে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, মাত্র ১৫ মাসের দ্রুত অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমেই খনিটির অবস্থান শনাক্ত করা গেছে, যা ভবিষ্যতে ‘দ্রুত ও উচ্চমানের’ খনিজ অনুসন্ধানের আদর্শ মডেল হিসেবে দেখা যেতে পারে।
সুলতানা দিনা/