সৌদি আরবের মক্কা অঞ্চলের আল লিথ গভর্নরেটের উপকূলে সাগরে নৌযান বিকল হয়ে পড়ায় আটকে পড়া দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড।
কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে নৌযানটি অচল হয়ে পড়লে তারা সাগরে বিপদে পড়েন।
খবর পেয়ে বর্ডার গার্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এবং নিরাপদে তাদের তীরে নিয়ে আসে। উদ্ধারকৃত দুজনই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে জেনারেল ডিরেক্টরেট অব বর্ডার গার্ড নাবিক ও সমুদ্রযাত্রীদের সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে যাত্রার আগে নৌযানের সক্ষমতা ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করার ওপর গুরুত্ব আরোপ করেছে।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে মক্কা, মদিনা ও পূর্বাঞ্চলে ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ
মেহেদী/