বাংলাদেশে সাধারণ নির্বাচনে তারেক রহমানের বিজয়ের পর, ঢাকা হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে বন্ধ থাকা বাস পরিষেবা শিগগিরই পুনরায় চালু হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী এই বাস পরিষেবাটি গত এক বছর ধরে স্থগিত ছিল। আজ শনিবার এই রুটে বাসের একটি পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কের জন্য একটি ‘ইতিবাচক লক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।
পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ‘রয়্যাল-মৈত্রী’ আন্তর্জাতিক বাস পরিষেবার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ জানিয়েছেন যে, বাস পরিষেবাটি খুব শিগগিরই পুরোদমে শুরু হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস ছেড়ে যায়।
দেবনাথ উল্লেখ করেন যে, ২০০১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি যেহেতু এখনও বাতিল হয়নি, তাই পরিষেবাটি পুনরায় শুরু করার জন্য নতুন কোনো অনুমতির প্রয়োজন নেই।
বাংলাদেশে যাত্রী সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় এবং রাজনৈতিক অস্থিরতার কারণে গত এক বছর ধরে রয়্যাল-মৈত্রী আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ ছিল। মনোরঞ্জন দেবনাথ বলেন, “কিছু অনিবার্য কারণে” যাত্রী সংকট দেখা দেওয়ায় পরিষেবাটি বন্ধ করতে হয়েছিল। তখন যাত্রী সংখ্যা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।
যাত্রী সংকটের পাশাপাশি ভিসা সংক্রান্ত জটিলতাও পরিষেবাটি বন্ধ হওয়ার পেছনে কাজ করেছিল। তবে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সপ্তাহ থেকেই নিয়মিত বাস চালানোর পরিকল্পনা করছে পরিচালনাকারী সংস্থাটি।
স্থিতিশীলতা এলেই নিয়মিত চলাচল
এদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গঠিত হওয়ার মাধ্যমে সেখানকার অনিশ্চয়তা কেটে গেছে। সাংবাদিকদের তিনি বলেন, “এটি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ভালো লক্ষণ। আমরা আশা করি অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান হবে।”
পরিচালনাকারী সংস্থাটি ঢাকা থেকে পশ্চিম ত্রিপুরার কৃষ্ণনগর ডিপোতে একটি বাস নিয়ে এসেছে। দেবনাথ জানান, এই পরীক্ষামূলক চলাচল আরও দুই-তিন দিন চলবে। ব্যবস্থাটি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে তিন দিন করে বাস চলাচল শুরু হবে।
ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার এবং এই যাত্রার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,৮০০ রুপি। উল্লেখ্য, ট্রেনযোগে গুয়াহাটি হয়ে আগরতলা থেকে কলকাতা পৌঁছাতে ১,৫৬৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
বাংলাদেশে পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর প্রস্তুতি নিচ্ছে ভারত
একজন ভারতীয় সিনিয়র কনস্যুলার কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে, ভারত বাংলাদেশে তাদের সমস্ত ক্যাটাগরির ভিসা পরিষেবা পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম সীমিত করা হয়েছিল।
সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানান, সব ধরনের ভিসা পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। বিডিনিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, বর্তমানে মেডিকেল এবং ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। পর্যটন ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা চালুর প্রক্রিয়াও এখন প্রক্রিয়াধীন রয়েছে।
মাহফুজ/