আজ মঙ্গলবার প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জাগল্যান্ডকে গত সপ্তাহে আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়াত দণ্ডিত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কের জেরে তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ আনার মাত্র কয়েক দিন পরেই এই ঘটনাটি ঘটল।
সংবাদমাধ্যম iNyheter প্রথম এই খবরটি প্রকাশ করে। তারা একটি ‘‘অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের’’ বরাত দিয়ে নিশ্চিত করেছে যে, জাগল্যান্ডের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদের চিকিৎসা কোন হাসপাতালে চলছে, তা প্রকাশ করা হয়নি।
iNyheter-এর তথ্যমতে, এপস্টাইন মামলার সঙ্গে জড়িত ‘গুরুতর দুর্নীতি’র অভিযোগের মুখোমুখি হওয়ার পর সাবেক এই নোবেল শান্তি পুরস্কার কমিটির চেয়ারম্যান বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন।
জাগল্যান্ড নরওয়ের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দেশটির প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নরওয়েজিয়ান নোবেল কমিটির দীর্ঘদিনের সদস্য ছিলেন এবং ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত এর প্রভাবশালী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন; পরবর্তীতে ২০২০ সালে তিনি কমিটি ত্যাগ করেন।
জাগল্যান্ডের হাসপাতালে ভর্তির এই তথ্য প্রকাশের পর নরওয়ের গণমাধ্যমের স্বচ্ছতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। iNyheter জানিয়েছে যে, নরওয়ের এডিটরস অ্যাসোসিয়েশন এবং নির্বাচিত কিছু সম্পাদক গত ১৭ ফেব্রুয়ারি জাগল্যান্ডের আইনজীবী অ্যান্ডার্স ব্রসভিতের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছান যে, এই ঘটনাটি প্রচার করা হবে না।
তবে সংবাদমাধ্যমটি স্বীকার করেছে যে, হাসপাতালে ভর্তির বিষয়টি সংবেদনশীল হলেও, জাগল্যান্ডের মতো একজন জনগুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তার বিরুদ্ধে আনা গুরুতর ফৌজদারি অভিযোগের কারণে এই তথ্যটি প্রকাশ করা যৌক্তিক।
সম্প্রচার মাধ্যম এনআরকে-এর তথ্য অনুযায়ী, এপস্টাইনের সঙ্গে যোগসূত্র এবং গুরুতর দুর্নীতির অভিযোগে নরওয়েজিয়ান পুলিশ চলতি মাসে জাগল্যান্ডের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে।
মার্কিন বিচার বিভাগ কর্তৃক এপস্টাইন ফাইলগুলোর সর্বশেষ সংস্করণে প্রকাশ পেয়েছে যে, এই অর্থদাতার সঙ্গে জাগল্যান্ডের দীর্ঘ কয়েক বছরের যোগাযোগ ছিল। এনআরকে আরও জানায় যে, সাবেক এই প্রধানমন্ত্রীকে বিলাসদায়ক ভ্রমণ এবং আবাসন সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি
মাহফুজ/