যুক্তরাষ্ট্রের ডুবিয়ে দেওয়া একটি যুদ্ধজাহাজ থেকে বেঁচে যাওয়া নাবিক এবং শ্রীলঙ্কার কাছে থাকা আরেকটি ইরানি জাহাজের ক্রুদের নিজ দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে বলে জানা গেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অভ্যন্তরীণ তারবার্তায় শ্রীলঙ্কাকে এ বিষয়ে একটি তারবার্তা দেয় বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। শুক্রবারের ওই তারবার্তাটির কথা জানায় রয়টার্স।
শুক্রবারের তারিখ দেওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তারবার্তা থেকে জানা যায়, কলম্বোতে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান জেন হাওয়েল যুদ্ধজাহাজ দেনার বেঁচে ফেরা ৩২ নাবিক ও বুশেহরের ক্রু’দের ইরানে ফেরত পাঠানো যে উচিত হবে না তা শ্রীলঙ্কা সরকারকে জোর দিয়ে বুঝিয়েছেন।
“শ্রীলঙ্কার কর্তৃপক্ষের উচিত এই আশ্রিতদের (নাবিক ও ক্রু) প্রচার-প্রচারণায় ব্যবহারে ইরানিদের চেষ্টা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা,” বলা হয়েছে এতে।
এর আগে মার্কিন একটি ডুবোজাহাজ বুধবার শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী গল থেকে ১৯ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে আইআরআইএস দেনা-কে ডুবিয়ে দেয়। ইরানি এ যুদ্ধজাহাজটি ভারতে একটি নৌমহড়া শেষ করে সেসময় দেশে ফিরছিল।
এরপর বৃহস্পতিবার শ্রীলঙ্কা দ্বিতীয় আরেকটি ইরানি জাহাজ, নৌবাহিনীর সহায়ক নৌযান আইআরআইএস বুশেহরে থাকা ২০৮ ক্রু’কে উদ্ধারে নামে। জাহাজটি শ্রীলঙ্কার সমুদ্রসীমার বাইরে থাকলেও তাদের বিশেষ অর্থনৈতিক এলাকার ভেতরে থামা অবস্থায় ছিল।
পরে লঙ্কান প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দেশানায়েকে বলেন, ‘মানবিক দায়িত্ব’ থেকেই তারা ওই ইরানি ক্রু-দের তাদের দ্বীপ রাষ্ট্রে নিয়ে এসেছেন।
অন্যদিকে এ তারবার্তা বিষয়ে রয়টার্স জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ের কোনো মুখপাত্র এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য যোগাড় করতে পারেনি রয়টার্স।
এর আগে বুধবার শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক উপমন্ত্রী হানসাকা উইজেমুনি জানান, তেহরান যুদ্ধজাহাজ দেনার নিহত নাবিকদের মরদেহ দেশে ফেরতে সহায়তায় কলম্বোকে অনুরোধ করেছে। তবে কবে নাগাদ ওই মরদেহগুলো ফেরত পাঠানো হবে তার সময়সীমা ঠিক হয়নি।
নাম না প্রকাশ করার শর্তে মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আক্রান্ত হওয়ার সময় দেনা অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল, তাই হামলার আগে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি।
সুমন/