যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো একটি এনক্রিপ্টেড বার্তা আটক করেছে। ইরান থেকে বার্তাটি পাঠানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বার্তাটি দেশের বাইরে থাকা গোপন ‘স্লিপার সেল’ বা আন্ডারকভার নেটওয়ার্ককে সক্রিয় করার নির্দেশ হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্র থেকে সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাছে একটি সতর্কবার্তাও পাঠানো হয়েছে।
সরকারি ওই সতর্কবার্তায় বলা হয়েছে, প্রাথমিক সিগন্যাল বিশ্লেষণে এমন একটি বার্তার সন্ধান পাওয়া গেছে যা সম্ভবত ইরান থেকে পাঠানো হয়েছিল এবং বিভিন্ন দেশের মাধ্যমে রিলে করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার কিছু সময় পরই এই বার্তার অস্তিত্ব ধরা পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, বার্তাটি ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার না করে পাঠানো হয়েছিল। এটি কেবল তাদের জন্য ছিল যাদের কাছে নির্দিষ্ট এনক্রিপশন কী রয়েছে। এবিসি নিউজ জানায়, আটক করা বার্তাটি এনকোড করা ছিল এবং এটি এমন ‘গোপন প্রাপকদের’ উদ্দেশে পাঠানো হয়েছিল যাদের কাছে ওই ডিক্রিপশন কি আছে। এ ধরনের বার্তা সাধারণত ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার ছাড়াই আন্ডারকভার অপারেটিভ বা স্লিপার এজেন্টদের নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
ফেডারেল সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এই বার্তাগুলো সম্ভবত এমন স্লিপার নেটওয়ার্ককে সক্রিয় করার জন্য পাঠানো হতে পারে, যারা আগে থেকেই বিভিন্ন দেশে অবস্থান করছে।
তবে এখন পর্যন্ত এই বার্তার প্রকৃত বিষয়বস্তু নির্ধারণ করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের সরকারি বার্তায় বলা হয়েছে, নির্দিষ্ট কোনো স্থানে তাৎক্ষণিক হামলার হুমকি পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সন্দেহজনক রেডিও-ফ্রিকোয়েন্সি কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে খামেনি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে অন্তত দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটেছে। যুদ্ধ শুরুর একদিন পরই সেনেগালের নাগরিক ৫৩ বছর বয়সী এনদিয়াগা দিয়াগনে টেক্সাসের অস্টিন শহরের একটি ভিড়পূর্ণ বারে গুলি চালান। এতে তিনজন নিহত এবং ১৪ জন আহত হন।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এই হামলার পেছনে প্রভাব ফেলেছিল কি না। কারণ হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি একটি হুডির নিচে ইরানের পতাকার নকশাযুক্ত টি-শার্ট পরেছিলেন, যেখানে ‘প্রপার্টি অব আল্লাহ’ লেখা ছিল।
আরেক ঘটনায় নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের বাইরে বিক্ষোভ চলাকালে সন্দেহজনক বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। এ ঘটনায় এমির বালাত ও ইব্রাহিম কায়্যুমি নামে দুই ব্যক্তির বিরুদ্ধে আইএসআইএসকে সহায়তার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘শিগগিরই শেষ হবে’, যদিও তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিপেনডেন্ট