ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী এহসানুল হক সমাজী। তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের পিপি ছিলেন। তিনি সদ্য সাবেক পিপি আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হলেন।
বুধবার (২৮ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ২৮ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পদে মো. আব্দুল্লাহ আবুর নিয়োগাদেশ বাতিল করা হলো।
আইনজীবী সমাজী এর আগে ২০০৭-২০০৯ মেয়াদে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও ঢাকা মহানগরের পিপি ছিলেন। ওই সময় দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এহসানুল হক সমাজী একজন স্বনামধন্য ফৌজদারি আইন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির (CrPC) কোড, UNDP- Bangladesh-এর সংশোধনীসংক্রান্ত কাগজ তৈরির জন্য জাতীয় পরামর্শদাতা ছিলেন।
আইনজীবী সমাজী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ১৯৮৪ সালের এলএলবি (সম্মান) এবং ১৯৮৫ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালের ৩০ অক্টোবর একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ওই বছরের ৪ নভেম্বর তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। ১৯৮৮ সালের ৭ এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হন। ১৯৯২ সালের ২১ জানুয়ারি তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
মাহমুদুল আলম/সাদিয়া নাহার/অমিয়/