বৈষম্য বিরোধী আন্দোলনের পৃথক মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) পৃথক আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধান বিচারপতিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ও বিথীকে ভাটারা থানার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উচ্চ আদালত থেকে সাতটি মামলায় জামিন পাওয়ার পর সাবেক প্রধান বিচারপতিকে নতুন করে মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে তাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে বিথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। শুনানির আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
সাবেক প্রধান বিচারপতিকে হেলমেট পড়িয়ে হুইল চেয়ারে করে এজলাসে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গত ১৬ মে খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ইব্রাহীম খলিল।
ভাটারা থানার হত্যা চেষ্টার মামলায় বিথীকে গত ১৫ মে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আমিনুর রহমান।
এর পরিপ্রেক্ষিতে আসামিদের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করা হয়েছিল।
সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানো যাত্রাবাড়ী থানার হত্যা মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোবাইব (২০)। যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে শান্তিপূর্ণভাবে অবস্থান করার সময় মামলার আসামিদের আদেশে ও মদদে পুলিশ, র্যাবসহ অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও স্বোচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা একসঙ্গে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অতর্কিত গুলি চালান, এতে গুলিবিদ্ধ হয়ে খোবাইব ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করে ২০২৪ সালের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে একটি মামলা করেন।
বিথীকে গ্রেপ্তার দেখানো ভাটারা থানার হত্যা চেষ্টার মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে ভাটারা থানার বাড্ডা এলাকায় অবস্থানকালে আসামিদের নেতৃত্ব ও নির্দেশে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জন আওয়ামী সন্ত্রাসী লাঠি, লোহার রড, হকস্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে ও এলোপাতাড়ি গুলি চালায়। ভুক্তভোগী সোহেলী তামান্নার বাম হাতের কব্জিতে এবং পিঠের পেছনে গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ভুক্তভোগী সোহেলী তামান্না বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেন। ওই ঘটনায় তার বাম হাতের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি, দুদকের মামলা ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে করা একাধিক মামলাসহ মোট সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। উচ্চ আদালত থেকে সবকটি মামলায় জামিন পাওয়ার পর গত ১৭ মে হাইকোর্টের একটি বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া এই সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে আদেশ দেন। একই সঙ্গে রুল জারি করেন।
এদিকে সুব্রত বাইনের মেয়ে বিথীকে গত বছরের ১৫ ডিসেম্বর কুমিল্লা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে হত্যা ও অস্ত্র আইনের একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তিনি এখন কারাগারে আছেন।
জলিল উজ্জ্বল/নাঈম