রাজধানীর রামপুরায় মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার আরেক শিক্ষার্থী মো. শিহাব হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আগামী ৮ কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না।
প্রসিকিউশন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।
এর আগে, গত মঙ্গলবার রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকে ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’ থেকে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মো. আব্দুল্লাহ নামে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রস্তুতের সময় পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিশু আব্দুল্লাহকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মা টুকু আরা খাতুন বুধবার রামপুরা থানায় শিহাব ও অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।
শিহাবের বিরুদ্ধে ইতোপূর্বে মাদ্রাসার চার ছাত্রের ওপর যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।
বুধবার রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে শিহাবকে গ্রেপ্তার করা হয়।
জলিল উজ্জ্বল/সালমান/