জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জামালপুর দায়রা জজ আদালতের আদেশে এসব সম্পত্তি ক্রোক করা হয়েছে।
রবিবার (২১ জুলাই) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন নামে অনেক সমবায় সমিতি গড়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘মাদারগঞ্জ আল আকাবা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’।
নামে সমবায় সমিতি হলেও এটি মূলত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করত। এটি স্বল্পসময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে জামালপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-থানা এলাকার ১৩ থেকে ১৪ হাজার গ্রাহকের টাকা আত্মসাৎ করেছে। প্রতি লাখে মাসে ১২০০ থেকে ১৫০০ টাকার মুনাফার কথা বলে এসব অর্থ সংগ্রহ করে সমিতিটি। শুরুতে সীমিত পরিসরে লাভ দিলেও পরে তা বন্ধ করে দেয় এবং মালিক-কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যান।
তিনি বলেন, সমিতির মালিক প্রতারণামূলকভাবে গ্রাহকের আত্মসাৎকৃত ৪০০ কোটি টাকায় নিজের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাবর সম্পত্তি ক্রয় করেছে, যা সিআইডি ইতোমধ্যে ক্রোক করেছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সিআইডির অনুসন্ধানকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই জামালপুর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এসব সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন।
এ ছাড়া অভিযুক্ত সংশ্লিষ্টদের বিদেশ যাতায়াতে নিষেধাজ্ঞাও দেন। এ বিষয়ে মানি লন্ডারিং অভিযোগটি অনুসন্ধান শেষ করেছে সিআইডি। জামালপুরের মাদারগঞ্জ থানায় মানি লন্ডারিং আইনে মামলা প্রক্রিয়াধীন।