কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া তাদের আয়কর নথি জব্দ করার আদেশ চেয়ে পৃথক আবেদন করেন।
মাহবুব উল আলম হানিফের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট ও সরকারের দায়িত্বশীল পদে থেকে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন। ১৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৭২০ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক।
ফৌজিয়া আলমের আবেদনে বলা হয়, তারা একে অন্যের সহায়তায় জ্ঞাত আয়বহির্ভূত ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন। ১৬টি ব্যাংক হিসাবে মোট ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করে দুদক।
সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি (ভিত্তি বছর থেকে সর্বশেষ দাখিল করা আয়কর নথিগুলো) জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
উজ্জ্বল/এসজি/