সমাজে নিম্নবর্গের দলিত-হরিজন সম্প্রদায়ের নাগরিক চাহিদা পূরণে শ্রেণি রাজনীতির বিকাশ জরুরি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আনু মুহাম্মদ। পাশাপাশি এ শ্রমিক শ্রেণিকে জাতিগত নানা দ্বন্দ্ব ও কোন্দল ভুলে একতাবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘সংস্কার ও রাষ্ট্র ভাবনায় হরিজন-দলিত জনগোষ্ঠী’ শীর্ষক সেমিনারে হরিজন অধিকার আদায় সংগঠন-এর সেমিনারে তিনি এসব কথা বলেন।
এ সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, লেখক-গবেষক আলতাফ পারভেজ, হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল।
দলিত শ্রেণির সংকট নিরসনে শ্রেণি রাজনীতি বিকাশের যৌক্তিকতা দেখিয়ে আনু মুহাম্মদ বলেন, ‘যে রাজনীতির বিকাশ এসব বিষয়গুলো ঠিকঠাকমতো করতে পারত, সেটি হল শ্রেণি রাজনীতি। এখন যদি শ্রেণি রাজনীতিতে শুধু বাঙালি শ্রমিকদের দেখেন তাহলে তো হবে না। অর্থনীতি ও সমাজে নিপীড়িত শ্রেণির অধিকার ও কর্তৃত্ব নিশ্চিত করতে হবে।’
আনু মুহাম্মদ বলেন, সমাজের নিম্নবর্গে এখন যে বিভক্তি ও বিভাজন দেখা দিয়েছে তা শ্রেণি রাজনীতির বিকাশ ঘটলে তা দূর করা যাবে।
তিনি আরও বলেন, সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার রাজনীতি দুর্বল হয়ে গেছে। এখন বাংলাদেশে শ্রেণিগতভাবে নিপীড়িত বাঙালিদের মধ্যে অনেক ভাগ, শ্রমিকদের মধ্যে অনেক ভাগ; আঞ্চলিক ভাগ, ধর্মীয় ভাগ, বিভিন্ন পেশার ভাগ। এ ভাগ তখনই দূর হবে যখন শ্রেণি রাজনীতি দলিতদের স্বার্থ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে তার অবস্থানকে, মতাদর্শকে নিয়ে যেতে পারবে। যারা দলিতদের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ, তাদের সবাইকে ওই ঐক্যের জায়গাটায়, ওই রাজনীতির ভূমিকা পালন করতে হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনের পর সরকারি চাকরি প্রাপ্তিতে কোটা প্রথা তুলে দেওয়া হচ্ছে। এতে সমাজের দলিত ও প্রান্তিক সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন ব্যারিস্টার সারা হোসেন।
তিনি বলেন, শুধু সরকার বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়ে সংকটের কথা বললে হবে না। বেসরকারি সংস্থার কাছে যেতে হবে, যেতে হবে এনজিওগুলোর কাছে। কারণ এ দলিত সমাজে কর্মসংস্থানের সংকট রয়েছে। পাশাপাশি দলিতদের কলোনিগুলোতে স্যানিটেশনের অভাবও রয়েছে। বাল্যবিয়ে, অকালে স্কুল থেকে ঝরে পড়ার হার অনেক বেশি।
জয়ন্ত সাহা/মাহফুজ