উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছোড়ার ঘটনায় ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হুসাইনকে। তাকে দুই ঘণ্টার মধ্যে ছাড়া না হলে ডিবি কার্যালয় ঘেরাওসহ কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) বিকেলে হুসাইনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে কাকরাইল মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
বিকেলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী হাসান সজিব বলেন, ‘হুসাইনকে ছেড়ে দেওয়া না হলে আমরা কঠোর আন্দোলন করব এবং ডিবি কার্যালয় ঘেরাও করব।’
মুজাহিদ/সুমন