২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ জুন)। এতে অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭৯৭। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৩১৪।
তবে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে সব শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন। সে হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একাধিক নির্দেশনা দিয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করার কথা বলা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে করোনাভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ২০২৬ সালের এইচএসসি-সমমানের পরীক্ষা
পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গত ২৩ জুন বোর্ডগুলোকে এ-সংক্রান্ত একটি চিঠি দেয়। সেই চিঠিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগস্ট-২০২৪ সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।