এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এই ফল প্রকাশিত হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী।
জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে- ঢাকা বোর্ডে ৩৭ হাজার ৬৮ জন, রাজশাহী বোর্ডে ২২ হাজার ৩২৭ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৯০২ জন, যশোর বোর্ডে ১৫ হাজার ৪১০ জন, চট্টগ্রাম বোর্ডে ১১ হাজার ৮৪৩ জন, বরিশাল বোর্ডে ৩ হাজার ১১৪ জন, সিলেট বোর্ডে ৩ হাজার ৬১৪ জন, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৬২ জন, ময়মনসিংহ বোর্ডে ৬ হাজার ৬৭৮ জন, মাদরাসা বোর্ডে ৯ হাজার ৬৬ জন এবং কারিগরি বোর্ডে ৪ হাজার ৯৪৮ জন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে।
সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে নিজ নিজ প্রতিষ্ঠান Result sheet download করতে পারবে।
এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে।
পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। এসএমএসের জন্য SSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2025 Send to 16222।
গত ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে এবং ব্যবহারিক পরীক্ষা চলে ২২ মে পর্যন্ত। এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন।
অমিয়/