রাজধানী ঢাকায় সকাল থেকেই বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, দিনের প্রথমার্ধে রাজধানী ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
একইসঙ্গে দিনের তাপমাত্রাও কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।
আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়- সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।