গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) বলছে, বাংলাদেশে ২০২৫ সালে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে এবং হতদরিদ্রের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশে। অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ এবং হতদরিদ্রের হার ৫ দশমিক ৬ শতাংশ। বিবিএসের এই তথ্য ২০২২ সালের জনশুমারি থেকে নেওয়া, যা ইতোমধ্যে তিন বছর অতিবাহিত হয়ে গেছে। এ রকম পরিস্থিতিতে আজ ২০ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হবে বাংলাদেশে। এ উপলক্ষে সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিবিএস।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্প্রতি বিবিএসকে স্বাধীনভাবে কাজ করতে বলেছেন। মোট দেশজ উৎপাদন (জিডিপি), মূল্যস্ফীতিসহ বিভিন্ন তথ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই পরিসংখ্যান ব্যুরো প্রকাশ করতে পারবে। এর পরও তারা পারছে না। কারণ বিবিএস মূল্যস্ফীতির তথ্য কম বললেও বছরের ব্যবধানে কোনো কোনো নিত্যপণ্যের দাম ১২ থেকে ১৯ শতাংশ বেড়েছে। গত কয়েক মাসে নিত্যপণ্য লাগামহীন হয়ে গেছে। চাল, ডাল, সবজি, মাছ, মাংস চড়া দামে বিক্রি হচ্ছে। এসব কিনতে গিয়ে আয়ের অধিকাংশ খরচ হয়ে যাচ্ছে ভোক্তাদের।
সরকারি প্রতিষ্ঠান টিসিবির মতে, বছরের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১৫ দশমিক ৩৬ শতাংশ, ডালে ১৮ দশমিক ৫১ শতাংশ। মাঝারি চালের দাম বেড়েছে ১২ শতাংশ। তার পরও বিবিএস বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৫৫, আগস্টে ৮ দশমিক ২৯ শতাংশ এবং সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ।
প্রথা অনুযায়ী পাঁচ বছর পরপর বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয়। আজ ২০ অক্টোবর চতুর্থবারের মতো বিশ্ব পরিসংখ্যান দিবস। ২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২০ অক্টোবরকে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সিদ্ধান্ত হয়, প্রতি পাঁচ বছর পরপর ২০ অক্টোবর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো এ দিবস পালন করবে।
পরিসংখ্যান দিবস উপলক্ষে আজ সোমবার র্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিবিএস। সকাল সাড়ে ৮টায় বিবিএস ভবন থেকে র্যালি শুরু হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা উপদেষ্টা। বিশেষ অতিথি থাকবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।