দীর্ঘ ১২ বছর ধরে পদোন্নতি না পাওয়া বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমান গণি রোডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ’-এর ব্যানারে করা এই কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষা ক্যাডারের শিক্ষকরা অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, এক যুগ পার হলেও পদোন্নতি পাননি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অসংখ্য কর্মকর্তা। জুলাই বিপ্লবের পর দেশের বিভিন্ন সেক্টরে পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারে কর্মরত প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন। সে জন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে অবিলম্বে পদোন্নতির দাবিতে তারা অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হলে তারা কর্মবিরতিতে যাওয়া হুঁশিয়ারি দেন।
দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার কারণে পদোন্নতির জট তৈরি হয়েছে জানিয়ে তারা আরও বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যান্য ক্যাডার যেখানে ৩৭ ব্যাচ পর্যন্ত ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছেন, সেখানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩২তম ব্যাচ ৯ম গ্রেডে কর্মরত। প্রভাষক পর্যায়ে পদোন্নতি জট হওয়ার মূল কারণ হলো- ২০১৯ খ্রিষ্টাব্দ থেকে ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে পদোন্নতি হয়েছে মাত্র দুইবার। ফলে তৈরি হয়েছে পদোন্নতি জট।
অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়া শিক্ষকরা জানান, ৩৭তম ব্যাচ পর্যন্ত সব কর্মকর্তা পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন ধরে তাদের ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) সভা হচ্ছে না। ফলে তারা পদোন্নতি থেকে বঞ্চিত। একই সময়ে বিসিএসের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও সাধারণ শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে পদোন্নতি হচ্ছে না। তাদের বেলায় অযৌক্তিক বৈষম্য হয়েছে।