এক দিনের সফরে আজ শনিবার (১৩জুন) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দর থেকে কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনর্খনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।
তার এ সফরকে ঘিরে জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।
সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এ সফর কক্সবাজারের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
পাতলী খালের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। সেখানে সংরক্ষিত বনাঞ্চলে সরকারের আগামী পাঁচ বছরের লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশব্যাপী একযোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রী পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
একই কর্মসূচিতে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী উপজেলা ও থানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে চকরিয়া উপজেলা বাস টার্মিনাল মাঠে আয়োজিত রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে চকরিয়াজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মেরিন ড্রাইভ পরিদর্শন ও সুধী সমাবেশ জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজার মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। পরে সন্ধ্যায় জেলার বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সফরসূচির প্রতিটি কর্মসূচি নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয়ও শেষ হয়েছে।
তারেকুর/আমান