দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র প্রত্যাশা করে, যেখানে জানমালের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত হবে বলে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পারলে পুলিশের দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হবে।
তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা রক্ষায় একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য। প্রতিবছরের পুলিশ সপ্তাহ নিজেদের জনগণের বিশ্বস্ত বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হতে পারে।
বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সাবেক, বর্তমান ও অবসরপ্রাপ্ত সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, বর্তমান সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর, ন্যায়ভিত্তিক ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তবে জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। এজন্য পুলিশের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সংকট ও প্রয়োজনে পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভূমিকা প্রমাণ করেছে যে, উপযুক্ত পরিবেশ পেলে পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সম্পূর্ণ সক্ষম।
আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশ পুলিশের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের গৌরবোজ্জ্বল অংশগ্রহণ বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। তবে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। তাই সরকার পুলিশের উন্নয়নকে জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করছে।
মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা জরুরি।
সবশেষে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এসএন/