দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নকে শুধু পাঠ্যবই এবং পরীক্ষা দিয়ে মাপা সম্ভব নয়। বিশ্বের উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হলো শিক্ষার মূল ধারা। কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো এখনো বেশি ফোকাস করে সিলেবাস শেষ করা, পরীক্ষায় ভালো ফলাফল আনা এবং ডিগ্রি দেওয়ার ওপর। গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টির কাজ প্রায় সীমিত। গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় মানে এমন বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা কেবল তথ্য গ্রহণ করে না, বরং প্রশ্ন করতে শেখে, সমস্যা চিহ্নিত করে সমাধান খুঁজে বের করে। যেখানে শিক্ষকরা কেবল ক্লাস নেওয়ার জন্য নয়, বরং নিজেও নতুন নতুন আবিষ্কার এবং গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। এ ধরনের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে সরকারের পাশাপাশি শিক্ষাবিদ, শিল্পপতি এবং আন্তর্জাতিক সহায়তার গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়গুলো যদি গবেষণানির্ভর হয়, তাহলে এটি দেশের প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন পদ্ধতি, উদ্ভাবনী ধারণা এবং আন্তর্জাতিক মানের গবেষণা দেশের মানচিত্রে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করাবে। আমাদের এখন সময় এসেছে শুধু ডিগ্রি দেওয়া নয়, নতুন জ্ঞান সৃষ্টির বিশ্ববিদ্যালয় গড়ে তোলার। কারণ একটি গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়ই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিতে পারে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, দেশকে আধুনিকায়ন এবং সমাজকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি হবে এক বিশাল প্রেরণা। সর্বোপরি, আমরা চাই এমন বিশ্ববিদ্যালয় যেখানে গবেষণা হবে শিক্ষার কেন্দ্রবিন্দু। শুধু ডিগ্রিধারী নয়, বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও দক্ষ নতুন প্রজন্ম গড়ে উঠুক- এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
মোহাম্মদ সিফাত মিয়া
শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]