কোরআন ও সুন্নাহর বিধানমতে সবচেয়ে গর্হিত বিষয়গুলোর একটি সুদ। যদিও পুঁজিবাদী অর্থব্যবস্থার কারণে একজন মুসলিমের পক্ষে স্বাভাবিকভাবে সুদ থেকে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু ইমান বাঁচাতে হলে সুদ থেকে তো বাঁচতেই হবে। এর জন্য প্রয়োজন আমাদের দৈনন্দিন লেনদেনের পরতে পরতে লুকিয়ে থাকা সুদ সম্পর্কে বিস্তারিত জ্ঞানার্জন করা। পাশাপাশি সব ক্ষেত্রে সুদ থেকে বেঁচে থাকার উপায় ও বিকল্প ইসলামি পদ্ধতিও জানা দরকার।
বর্তমান সমাজে সুদের এমন কিছু প্রায়োগিক রূপ রয়েছে যার আধুনিক উপস্থাপনের কারণে সেগুলো সুদ কি না, তা নির্ণয় করা সাধারণ মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ছে। লেট পেমেন্ট ফি, ক্রেডিট কার্ড, কিস্তির লেনদেনে জরিমানা আরোপ, জমি বন্ধক রেখে ঋণদাতার উপকারলাভ, ব্যাংকিং ও বিমা সিস্টেমের বিভিন্ন লেনদেন—আরও কতভাবে যে আমাদের সমাজে রিবা বা সুদের প্র্যাকটিস চলছে; তার হিসাব নেই! স্পষ্ট ধারণা না থাকলে অনেক সময় জেনে বা না জেনেই তাতে জড়িয়ে পড়ছি আমরা। এখানেই শেষ নয়, শরিয়তের বিধিবিধান না জানার কারণে রাষ্ট্রীয়ভাবেও অনুমোদন দেওয়া হচ্ছে বিভিন্ন সুদি লেনদেনের। তাই শুধু এতটুকু জানাই যথেষ্ট নয় যে, ‘সুদ হারাম; বরং এর প্রায়োগিক দিকগুলোও জানা জরুরি। আধুনিক লেনদেনে সুদ এবং তার বিধিবিধান, সুদ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ, সব ক্ষেত্রে সুদ থেকে বেঁচে থাকার উপায় এবং বিকল্প ইসলামি পদ্ধতি জানার অনন্য ও উৎকৃষ্ট বই ফিকহুর রিবা: আধুনিক লেনদেনে সুদ এবং তার বিধিবিধান।
আরও পড়ুন: জগদ্বিখ্যাত ও পাঠকপ্রিয় সিরাতগ্রন্থ 'নবিয়ে রহমত'
এ বইয়ে আছে কোরআন, হাদিস ও ফিকহুস সালাফের আলোকে সুদের পরিচিতি ও বিশ্লেষণ, প্রচলিত অর্থনীতি ও ইসলামি অর্থনীতির আলোকে সুদের প্রকৃতি ও বিস্তারিত পর্যালোচনা, কোরআন হাদিস ও আসারের আলোকে সুদের ভয়াবহতা, বিভিন্ন ধর্মে সুদ নিষিদ্ধতার বর্ণনা, সুদবিষয়ক বিভিন্ন প্রশ্নের দালিলিক জবাব, প্রচলিত বিমা ব্যাংকিং ও সুদসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ, আধুনিক লেনদেনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সুদের প্রচলিত ও প্রায়োগিক রূপগুলোর সাবলীল উপস্থাপন, আধুনিক প্র্যাকটিসের আলোকে সুদ ও হিলা-বাহানার দালিলিক উপস্থাপন, সমাজে সুদের অশুভ ছায়া এবং বাস্তবতার নিরিখে সুদবিহীন সমাজের সম্ভাব্যতা-অসম্ভাব্যতা পর্যালোচনা।
বইটি লিখেছেন জামিয়া ইসলামিয়া উত্তর কাফরুল ক্যান্টনমেন্টের সহকারী মুফতি, আইএফএ কনসালটেন্সির সিনিয়র প্রশিক্ষক ও গবেষক মুফতি সাজ্জাদুর রহমান। তত্ত্বাবধান ও সম্পাদনা করেছেন জামিয়া শারইয়্যাহ মালিবাগ ঢাকার সহকারী মুফতি, আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম। বইটি প্রকাশ করেছে পেনফিল্ড পাবলিকেশন। ৫৬০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৮৫৮ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি পেনফিল্ড পাবলিকেশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: ফিকহুর রিবা: আধুনিক লেনদেনে সুদ এবং তার বিধিবিধান
লেখক: মুফতি সাজ্জাদুর রহমান
প্রকাশক: পেনফিল্ড পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা: ৫৬০
মুদ্রিত মূল্য: ৮৫৮ টাকা
মোবাইল: ০১৪০৭-০৫৬৯৬১
লেখক: আলেম ও সাংবাদিক