আমাদের সোনালি ইতিহাসের এক বিশাল অংশজুড়ে আছেন আমাদের ইমামরা। জ্ঞানের সাগরে অহর্নিশ ডুবে থাকার যে প্রেষণা, তার এক বিস্ময় জাগানিয়া চিত্র খুঁজে পাওয়া যায় তাদের জীবনীতে। জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করতে, সেই আলোর মশাল সবখানে, সর্বত্র ছড়িয়ে দিতে তাদের মধ্যে যে তাড়না, যে প্রচেষ্টা আমরা খুঁজে পাই, তা মানবসভ্যতার ইতিহাসে বিরল। একটি হাদিসের জন্য কিংবা একটি সনদ যাচাইয়ের জন্য তারা পায়ে হেঁটে গেছেন দূর থেকে দূরান্তে। কোথাও-বা পিচ্ছিল, কোথাও পঙ্কিল, কোথাও-বা বন্ধুর পথ। তবু তারা দমে যাননি কখনোই। হৃদয়ের গভীরে জ্ঞানের যে নহর বয়ে বেড়িয়েছেন, সেই নহরের অমৃত সুধা মানুষকে পান করাতে তারা ছুটে গিয়েছেন পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে।
নববি আদর্শকে বুকে ধারণ করে আমাদের ইমামরা জীবন অতিবাহিত করেছেন। সেই আদর্শ থেকে বিচ্ছুরিত আলো পৃথিবীর প্রতিটি প্রান্তরে পৌঁছে দিতে তারা জীবনভর চেষ্টা করেছেন। তাদের সেই চেষ্টার ফলে আজ আমরা কোরআন, হাদিস এবং ফিকহ-বিষয়ক জ্ঞানের এক বিশাল ভাণ্ডার দেখতে পাই আমাদের সামনে।
আমাদের এসব ইমামের জীবনী নিয়ে বাংলা ভাষায় অল্প কিছু কাজ হয়েছে মাত্র। অথচ যুগের এই মশালধারী মানুষগুলোকে যতই পাঠ করব, ততই আমরা তাদের জ্ঞান, তাদের বিপুল রত্ন-ভাণ্ডারের সন্ধান লাভ করতে সক্ষম হব। জ্ঞানের জন্য তাদের চেষ্টা, তাদের শ্রম, তাদের মেহনত, তাদের অধ্যবসায়, তাদের তাকওয়া, ইমান আর তাওয়াক্কুলের পরিচয় জানতে পারলে আমরা সমৃদ্ধ করতে পারব আমাদের জ্ঞানের পরিধি, উন্নত করতে পারব আমাদের ইসলামি জীবন। আগামী সভ্যতাকে বিনির্মাণ করতে, সময়কে নতুন ছাঁচে গড়ে তুলতে এবং পৃথিবীকে নবধারায় বিকশিত করতে আমাদের মহান ইমামদের জীবনী পাঠ করা অত্যাবশ্যক। নিজেদের জন্য তো বটেই, পরবর্তী প্রজন্মের জন্যও এই মহামানবদের জীবনী পাঠ অতীব জরুরি। এসব ইমামের অন্যতম ছিলেন সুফিয়ান আস-সাওরি। তার জীবন ও কর্ম নিয়ে সমকালীন প্রকাশন প্রকাশ করেছে সুফিয়ান আস-সাওরি (রহ.)-এর জীবন ও কর্ম। এটি প্রকাশনীর পাঠকপ্রিয় ইমাম সিরিজের অষ্টম জীবনীগ্রন্থ।
সুফিয়ান আস-সাওরি—হিজরি প্রথম শতকের শেষভাগে জন্ম নেওয়া এ মহামনীষী ছিলেন এক প্রদীপ্ত সূর্য, যার আলোতে উদ্ভাসিত হয়েছে ইসলামি জ্ঞানের দুনিয়া। নববি উৎসধারা থেকে তিনি পান করেছেন হাদিসের আবেহায়াত। হাদিসশাস্ত্রে রেখেছেন অনন্য অবদান। ভূষিত হয়েছেন ‘আমিরুল মুমিনিন ফিল হাদিস’ উপাধিতে।
তিনি ছিলেন আকাশছোঁয়া সত্যের মিনার। মিথ্যার শত ঝড়ঝাপটা তাকে টলাতে পারেনি। তার জীবনযাপন ছিল খুব সাদামাটা। দুনিয়ার জৌলুস থেকে সব সময় দূরে থেকেছেন। সমকালীন অনেক শাসক তাকে বিচারকের দায়িত্ব দিতে চেয়েছেন। কিন্তু তিনি কারোর থেকে এ দায়িত্ব নেননি। এ কারণে শাসকদের রোষানলে পড়ে তাকে দেশে দেশে ঘুরে বেড়াতে হয়েছে। এ বইয়ে তার জীবনপাঠ পাঠককে দারুণ আলোড়িত করবে।
এ বইয়ে সুফিয়ান আস-সাওরির জন্ম ও বেড়ে ওঠা, নাম-বংশ ও পারিবারিক বৃত্তান্ত, স্মৃতিশক্তি, ইলমের সন্ধান, যাদের থেকে হাদিস শিখেছেন তিনি, তার থেকে হাদিস শিখেছেন যারা, তার থেকে নির্বাচিত কিছু হাদিস, দেশ-বিদেশ ভ্রমণ, দায়িত্ববোধ ও কর্তব্য চেতনা, শাসকদের সঙ্গে তিনি, ফকিহ হিসেবে কেমন ছিলেন তিনি, তার আকিদা, ইবাদত ও আখলাক, আলি ইবনুল হাসান আস-সুলাইমির প্রতি উপদেশমালা এবং তার মৃত্যুর কথা রয়েছে।
বইটি লিখেছেন আব্দুল্লাহিল মামুন। প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। ১৫২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২৩০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি সমকালীন প্রকাশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: সুফিয়ান আস সাওরি (রহ.) জীবন ও কর্ম
লেখক: আব্দুল্লাহিল মামুন
প্রকাশক: সমকালীন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ১৫২
মুদ্রিত মূল্য: ২৩০ টাকা
মোবাইল: ০১৪০৯-৮০০৯০০
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক