প্রশ্ন: আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। আমার প্রশ্ন হলো, নামাজের সময় যদি আমাদের সামনে মুসল্লিদের জুতা থাকে বা মসজিদের আসবাবপত্রে কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে কি আমরা জুতা বা ওই ছবিকে সিজদা করছি বলে গণ্য হবে?
উত্তর: আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের মনেই এমন বিভ্রান্তি দেখা দেয়। ইসলামি শরিয়তের বিধান এ বিষয়ে স্পষ্ট। প্রথমত, নামাজের সময় প্রাণীর ছবি সামনে রাখা মাকরূহ। যদি স্পষ্ট দৃশ্যমান কোনো প্রাণীর ছবি নামাজির সামনে থাকে, তবে নামাজ মাকরূহ হয়। ছবি যদি এক হাতের কম দূরত্বেও থাকে, তবুও একই বিধান প্রযোজ্য। তাই, ছবি বা প্রতিকৃতি সামনে রাখা থেকে বিরত থাকা উচিত, যাতে নামাজের পূর্ণ মনোযোগ বিঘ্নিত না হয়।
কিন্তু আপনার মূল প্রশ্নটি হলো, জুতা বা ছবিকে সিজদা করা হচ্ছে কি না। এর উত্তর হলো না, এতে জুতা বা ছবিকে সিজদা করা হয় না। সিজদা হওয়ার জন্য যাকে সিজদা করা হচ্ছে, তাকে উদ্দেশ্য করা জরুরি। একজন নামাজি যখন সিজদা করেন, তখন তার একমাত্র উদ্দেশ্য থাকে মহান আল্লাহকে সিজদা করা। তার সামনে কোনো বস্তু বা ছবি থাকলেই তিনি সেটিকে সিজদা করছেন, এমনটি মনে করার কোনো সুযোগ নেই। নামাজি তার মন ও শরির দিয়ে কেবল আল্লাহর প্রতিই নিবিষ্ট থাকে।
এ বিষয়ে ফিকাহর কিতাবে স্পষ্ট উল্লেখ আছে, নামাজি কেবল আল্লাহকেই সিজদা করে, অন্য কিছুকে নয়। সুতরাং, নামাজির সামনে জুতা-স্যান্ডেল বা প্রাণীর ছবি থাকলে তা সিজদার কারণ হয় না, যদি না নামাজির উদ্দেশ্য সেই বস্তুকে সিজদা করা হয়।
[তথ্যসূত্র: আলবাহরুর রায়েক (২/২৭), আদ্দুররুল মুহতার (১/৬৪৮) এবং ফাতাওয়া হিন্দিয়া (১/১০৭)]