দাম্পত্য জীবন একটি পবিত্র বন্ধন, যা দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষের মিলন ঘটায়। চিন্তা-চেতনা, মন-মানসিকতা, রুচি-প্রবণতা, এমনকি সমাজ-সংস্কৃতিতেও থাকতে পারে বিস্তর ফারাক। এমন পরিবেশে প্রথম দেখাতেই গভীর ভালোবাসা ও বোঝাপড়া তৈরি হওয়া কঠিন। তাই এই সম্পর্ককে সুসংহত রাখতে ইসলাম কিছু সুনির্দিষ্ট দায়-দায়িত্ব ও বিধি-বিধান প্রণয়ন করেছে, যা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। একজন স্বামীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, ধৈর্য ও সহিষ্ণু হওয়া ।
দাম্পত্য জীবনে ছোটখাটো জটিলতা বা মনোমালিন্য দেখা দেওয়া অস্বাভাবিক নয়, বরং খুবই স্বাভাবিক। অনেক সময় শয়তানও সুযোগ খুঁজে স্বামী-স্ত্রীকে উত্তেজিত করে তোলে, যার ফলে তাদের পবিত্র সম্পর্ক হুমকির মুখে পড়ে। বিশেষত স্ত্রী যদি সংবেদনশীল হন, তবে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আরও বেশি। ইসলাম এই বাস্তবতাকে এড়িয়ে যায়নি। বরং মহিলাদের স্বভাবগত স্পর্শকাতরতা ও সংবেদনশীলতার প্রতি লক্ষ্য রেখে পুরুষদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে, যাতে দাম্পত্য জীবন সুখের ও মধুর হয় এবং কোনো প্রকার বিরাগ বা তিক্ততার সৃষ্টি না হয়।
স্ত্রী যদি কথাবার্তা বা আচার-আচরণে স্বামীকে কষ্ট দেয়, তবে স্বামীর উচিত ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে তা সামাল দেওয়া। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা স্ত্রীদের সঙ্গে সদাচার করো। তাদের কোনো কিছু যদি অপছন্দ হয়, হতে পারে যা তোমরা অপছন্দ করছো তাতে মহান আল্লাহ প্রভূত কল্যাণ রেখেছেন। (সুরা নিসা, ১৯)
মহান আল্লাহ বলছেন, স্ত্রী যদি তোমাদের অপছন্দনীয় হন বা সম্পূর্ণ বিপরীত স্বভাবের মনে হয়, এমন পরিস্থিতিতে আবেগের চেয়ে বিবেকের শরণাপন্ন হওয়া এবং বুদ্ধি-বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা উচিত। মনের বিরূপ ভাবটুকু ধৈর্যের সঙ্গে সামলে নেওয়া প্রয়োজন। এটি অস্বাভাবিক নয় যে, মানুষ তার অদূরদর্শিতার কারণে কোনো কিছু অপছন্দ করে, অথচ মহান আল্লাহ তাতে অশেষ বরকত রেখেছেন, যা দুনিয়া ও আখিরাতে তার অসীম কল্যাণের কারণ হতে পারে। রাসুল (সা.) বলেছেন, কোনো মুমিন পুরুষ, মুমিন মহিলার সঙ্গে বিদ্বেষ রাখবে না। কারণ তার একটি স্বভাব যদি খারাপ লাগে অন্যটা ভালো লাগতে পারে। (মুসলিম)।
ভালো-মন্দ মিলেই মানুষ, কোনো মানুষই নিখুঁত নয়। তাই শুধু খারাপ দিকটি না দেখে ভালো দিকটিও দেখা উচিত। দাম্পত্য জীবনে সুখী হতে হলে এই পরম সত্যটি উপলব্ধি করা এবং ধৈর্য ও সহিষ্ণুতার গুণে নিজেদের সজ্জিত করা অত্যন্ত জরুরি।
লেখক: আলেম ও সাংবাদিক