পবিত্র হজের সফর আরও সহজ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে আগামী বছরের (১৪৪৮ হিজরি/২০২৭ সাল) হজ ব্যবস্থাপনায় একগুচ্ছ ঐতিহাসিক ও বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে সৌদি আরব। সম্প্রতি মক্কায় অনুষ্ঠিত হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এই নতুন সংস্কারগুলোর ঘোষণা দিয়েছেন। ঐতিহ্যবাহী পুরোনো নিয়মগুলো ভেঙে হজযাত্রীদের সেবার মান বাড়াতে এবার কী কী বড় পরিবর্তন আসছে, তা জেনে নেওয়া যাক।
আগামী বছর থেকে হজযাত্রীদের জন্য সবচেয়ে বড় চমক হচ্ছে 'সমন্বিত সেবা মডেল' (Unified Service Model)। এর অধীনে মক্কা ও মদিনার আবাসন (হোটেল), পরিবহন এবং খাবারের সেবাকে একটি মাত্র প্যাকেজের আওতায় আনা হয়েছে। সৌদি আরবে অবস্থানকালে এই সমন্বিত সেবা গ্রহণ করা প্রতিটি হজযাত্রীর ভ্রমণ কর্মসূচির জন্য বাধ্যতামূলক থাকবে, যা তাদের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে।
হজ প্যাকেজগুলোকে আরও সুনির্দিষ্ট ও মানসম্মত করতে পুরো প্রক্রিয়া পুনর্গঠন করেছে সৌদি মন্ত্রণালয়। বর্তমানের হরেক রকম অফার কমিয়ে প্যাকেজগুলোকে মাত্র ৩টি প্রধান শ্রেণিতে নামিয়ে আনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, সেবার মান বজায় রাখতে বিদ্যমান প্যাকেজগুলোর মধ্য থেকে তুলনামূলক কম সুবিধার ‘প্যাকেজ ডি’ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে।
হজ ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বাড়াতে এবার কঠোর নিয়ম চালু করছে সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশের হজ এজেন্সির কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রশিক্ষণ সম্পন্ন করা ছাড়া কোনো সংস্থাকে হজের প্রয়োজনীয় ভিসা এবং পারমিট (অনুমতিপত্র) দেওয়া হবে না।
মন্ত্রণালয় ইতিমধ্যে আগামী হজ মৌসুমের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে। ২০২৬ সালের ৩০ জুন থেকে আন্তর্জাতিক হজ এজেন্সিগুলো মক্কা-মদিনায় অগ্রাধিকার ভিত্তিতে হোটেল বুকিং শুরু করতে পারবে। তবে সবচেয়ে বড় টুইস্ট হলো, যেসব সংস্থা পবিত্র মিনা ও আরাফায় তাদের পুরোনো বা সুবিধাজনক অবস্থান ধরে রাখতে চায়, তাদের অবশ্যই আগামী ১৩ আগস্ট, ২০২৬-এর মধ্যে নতুন সমন্বিত সেবা প্যাকেজের চুক্তি সম্পন্ন করতে হবে। এই সময়ের পর বুকিংয়ের ক্ষেত্রে আর কোনো অগ্রাধিকার থাকবে না।
বিশ্বের বৃহত্তম এই ধর্মীয় সমাবেশকে আধুনিকায়ন করার লক্ষ্যে এটি সৌদি আরবের একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন এই নিয়মের ফলে দালালি বা নিম্নমানের সেবার ফাঁদ থেকে মুক্ত হয়ে আল্লাহর মেহমানরা আরও স্বস্তিতে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।