তাওহিদ হৃদয়ের শাস্তি আর নিষেধাজ্ঞা নিয়ে একেকদিন একেক ঘটনা ঘটছে। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে হয়েছিলেন দুই ম্যাচ নিষিদ্ধ। কিন্তু ক্রিকেটারদের চাপে দুই ম্যাচের এক ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিত করা হয় এক ম্যাচের জন্য।
গতকাল (২৬ এপ্রিল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠেও নামেন তিনি। আউট হওয়ার আগে খেলেন ৩৭ রানের ইনিংস। কিন্তু আম্পায়ারের আউট হওয়ার সিদ্ধান্তে খুশি হতে পারেননি জাতীয় দলের এই ব্যাটার। বিরক্তি প্রকাশ করে একটি ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা গুনেছেন হৃদয়।
তখন থেকেই গুঞ্জন ছিল চার ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি। ম্যাচশেষে তার বিরুদ্ধে অভিযোগ আনেন আম্পায়াররা। শুনানিতে ডাকা হলেও যাননি তাওহিদ। এই কারণেই তাকে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার হৃদয়কে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। লেভেল-১ ভঙ্গ করায় এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।
নামের পাশে আগেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল তার। যা এখন ১ বেড়ে হয়ে দাঁড়িয়েছে ৮। আর তাতেই চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। এই নিষেধাজ্ঞার ফলে ফাইনালে আবাহনীর বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে মোহামেডানকে।