ক্রিকেট টস খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনের ওপর ভিত্তি করে আগে ব্যাটিং বা ফিল্ডিং করার জন্য টস জেতার বিকল্প নেই। তবে মাঝেমধ্যে এই টসই হয়ে যায় হতাশার কারণ। বিশেষ করে যখন টানা হারতে থাকেন কোনো অধিনায়ক।
ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের টস ভাগ্যটা যেন একটু বেশিই খারাপ। এতটাই যে রেকর্ডের পথে আছেন তিনি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট চলছে। এই টেস্টেও মুদ্রা নিক্ষেপের খেলায় হেরেছেন গিল। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ছয় টেস্টেই টসে হারলেন গিল।
আগামী ১০ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে দিল্লিতে। সেই টেস্টে টস হারলে গিল ছুঁয়ে ফেলবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বেভান কনডনকে। অধিনায়ক হওয়ার পর টানা ৭ টেস্টে টস হারার সর্বোচ্চ রেকর্ডটা কনডনেরই।
১৯৭২ সালের ২৩ মার্চ ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে কনডনের দুর্ভাগ্যের শুরু। আর গিলের শুরু গত জুনে ইংল্যান্ড সফরে। গিলের পাশে আছেন টম লাথামও। ২০২০ সালের জানুয়ারিতে সিডনিতে প্রথম ম্যাচ খেলেন লাথাম। টানা হেরেছেন ৬ টেস্টের টস।
টেস্ট ক্রিকেটে টানা ১০ ম্যাচে টসে হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড রয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের নামে। ২০০০ সালের অক্টোবর থেকে ২০০২ সালের জানুয়ারি পর্যন্ত একটিবারের জন্যও টস ভাগ্যে সহায় হয়নি তার। আর ওয়ানডেতে এমন দুর্ভাগ্য পিছু নিয়েছিল ব্রায়ান লারার। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯ সালের মে মাস পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচে টসে হেরেছিলেন তিনি।
নিলয়/