এশিয়া কাপ খেলতে মাসখানেক আগে দেশ ছাড়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে হতাশার পাল্লাটাই ভারি। এশিয়া কাপের অপ্রাপ্তির পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। তাই মাঝে জেতা টি-টোয়েন্টি সিরিজের কথা এখন যেন মনেই পড়ছে না।
আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। নিজেদের সবচেয়ে পছন্দের সংস্করণের ৩ সিরিজেই জয়ের দেখা মেলেনি। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৯১ রান তাড়া করতে ব্যর্থ হয়েছে মেহেদী হাসান মিরাজদের দল। ১০৯ রানে অলআউট হয়ে পরাজিত হয়েছে ৮১ রানে। ফলে হাশমতউল্লাহ শাহিদির দলের বিপক্ষে টানা তিন সিরিজেই হার বাংলাদেশের।
ব্যাটিং ব্যর্থতায় টানা দুই ম্যাচ হেরে খুইয়েছে সিরিজ। বোলাররা তাদের কাজ ঠিকঠাক করে দিলেও, ব্যাটাররা হচ্ছেন ব্যর্থ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে অধিনায়ক মিরাজও সমালোচনা করেছেন নিজেদের ব্যাটিংয়ের, ‘আমি মনে করি আমরা বোলিং খুব ভালো করেছি এবং এই রান তাড়া করা আমাদের জন্য সম্ভব ছিল, কিন্তু আমরা আজ খুব খারাপ ব্যাটিং করেছি।’
সিরিজের দুই ম্যাচেই ব্যাটাররা জুটি গড়তে ব্যর্থ হয়েছে। তাই বারবার আফগানিস্তানের বোলারদের সামনে হতে হয়েছে নতজানু। জুটি না গড়তে পারায় দুই ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স বাংলাদেশ দলের।
সেই ব্যাপারটা এসেছে মিরাজের কাছ থেকেও, ‘আমি সবাইকে বলেছিলাম যে শুরুতেই আমাদের পার্টনারশিপ গড়তে হবে, কিন্তু সেটা আমরা করতে পারিনি। আমরা কিছুটা শুরু করি, কিন্তু দায়িত্ব নিয়ে ইনিংসটা বড় করতে পারি না — সমস্যাটা এখানেই।’
দায়িত্বশীল ভূমিকার ঘাটতিতে ম্যাচ জেতা যাচ্ছে না। অধিনায়ক হিসেবে টানা হারের মধ্যেই আছেন মিরাজ। এখন পর্যন্ত ৯ ম্যাচে তার ঝুলিতে আছে একটি জয়। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এই আমিরাতেই মিরাজের নেতৃত্বে আফগানদের বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ। স্থায়ী অধিনায়ক হওয়ার পর হারলেন শ্রীলঙ্কার মাটিতে হওয়া সিরিজেও। পার করছেন কঠিন সময়।
চলমান সিরিজে এখনও একটি ম্যাচ বাকি আছে। সেটি ফিল সিমন্সের শীষ্যদের কাছে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। ব্যাটাররা দায়িত্ব নিতে না পারলে সেটিও সম্ভব নয়। ফের অপেক্ষা করছে অসহায় সমর্পণ।
মেহেদী হাসান মিরাজ অবশ্য ভাবছেন ঘুরে দাঁড়ানোর কথা। তবে সঙ্গে প্রকাশ করেছেন নিজেদের হতাশাও ব্যাটারদের প্রতি, ‘আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না। আমরা খুব হতাশ, তবে এখনও একটা ম্যাচ বাকি আছে। এরপর আরেকটা সিরিজ আছে, সেখানেও আমাদের ঘুরে দাঁড়ানোর কথা ভাবতে হবে। আমাদের ব্যাটিং উন্নত করতে হবে; যদি আমরা ওয়ানডেতে রান না করি, তাহলে টিকে থাকা যাবে না।’
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ১৪ই অক্টোবর আবুধাবিতে, সন্ধ্যা ৬টায়।
নিলয়/