টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জন্য আজ (২৮ ফেব্রুয়ারি) অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সুপার এইট পর্বে এখন পর্যন্ত হতাশাজনক পারফরম্যান্সের পর সালমান আলি আগা ও তার দলের ভাগ্য এখন তাদের নিজেদের হাতেই।
পাকিস্তান বড় সুবিধা পেয়েছে ইংল্যান্ডের কাছ থেকে, যারা গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দৌড়কে পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছে। পাকিস্তান আজ পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এই ম্যাচই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ।
সুপার এইট গ্রুপ ২ থেকে ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয় স্থানটি যাবে নিউজিল্যান্ড অথবা পাকিস্তানের মধ্যে যেকোনো এক দলের দখলে। পাকিস্তান তাদের দ্বিতীয় সুপার এইট ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়, আর প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
গ্রুপ টেবিল
১. ইংল্যান্ড– ৬ পয়েন্ট, ৩ ম্যাচ, নেট রান রেট +১.০৯৬
২. নিউজিল্যান্ড– ৩ পয়েন্ট, ৩ ম্যাচ, নেট রান রেট +১.৩৯০
৩. পাকিস্তান– ১ পয়েন্ট, ২ ম্যাচ, নেট রান রেট -০.৪৬১
৪. শ্রীলঙ্কা– ০ পয়েন্ট, ২ ম্যাচ, নেট রান রেট -২.৮০০
পয়েন্টের পাশাপাশি নেট রান রেটেও পাকিস্তান নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে। নিউজিল্যান্ডকে টপকাতে হলে পাকিস্তানকে শুধু শ্রীলঙ্কাকে হারালেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। আইসিসি জানিয়েছে, নেট রান রেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যেতে হলে তাদের দাসুন শানাকার দলকে ৬৫ রানের বেশি ব্যবধানে হারাতে হবে, অথবা লক্ষ্য তাড়া করে ১৩ ওভারের মধ্যে জয় পেতে হবে। তবে প্রথম ইনিংস শেষ না হওয়া পর্যন্ত সঠিক হিসাব জানা যাবে না।
অনিক/