৩৮ বছর বয়সি সার্বিয়ান কিংবদন্তি বলেছেন, এখনও তিনি অনুপ্রাণিত এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের হারানোর সামর্থ্য রাখেন। তাই অবসরের কোনো কারণ দেখছেন না।
চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জোকোভিচ শিরোপাধারী ইয়ান্নিক সিনারকে পাঁচ সেটের রোমাঞ্চকর ম্যাচে হারান। এরপর ফাইনালে বিশ্ব এক নাম্বারর কার্লোস আলকারাজের কাছে হেরে গেলেও বড় মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দেন জোকোভিচ।
ইন্ডিয়ান ওয়েলসের মঞ্চে সাংবাদিকদের জোকোভিচ বলেন, ‘অস্ট্রেলিয়ায় সিনারকে পাঁচ সেটে হারানো ছিল অসাধারণ অনুভূতি। এরপর কার্লোসের সঙ্গে আরেকটি দারুণ ম্যাচ খেলেছি, যদিও শেষ পর্যন্ত সে খুব ভালো খেলেছে। আমার জন্য এটা ছিল অসাধারণ ফলাফল। আমি নিজেকে এবং অন্যদের প্রমাণ করেছি যে এখনও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’
২৪টি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা যোগ করেন, ‘আমার যুক্তি হলো- যতদিন আগ্রহ, সামর্থ্য ও অনুপ্রেরণা আছে, কেন চালিয়ে যাব না?’ তিনি জানান, এখন তিনি বেছে বেছে সূচি ঠিক করেন, মূলত চারটি গ্র্যান্ড স্লাম এবং প্রস্তুতিমূলক কিছু টুর্নামেন্টকে ঘিরেই পরিকল্পনা সাজান।
ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে জোকোভিচ পাঁচবারের চ্যাম্পিয়ন। পছন্দের টুর্নামেন্টে ফিরে তিনি বলেন, ‘প্রতিযোগিতার রোমাঞ্চ আমি এখনও উপভোগ করি। আমি এখনও বিশ্বের তিন নাম্বারে আছি। র্যাঙ্কিং, ফলাফল এবং পারফরম্যান্সের দিক থেকে খুব খারাপ নয়। আমি এখনও প্রতিযোগিতামূলক এবং সেই ধার আছে। যতদিন এমন অনুভব করব, ততদিন খেলেই যাব।’
অনিক/