ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশ্বাস দিলেন মির্জা ফখরুল কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের জন্য বিপদ: এরদোয়ান সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযান মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম কাস্টমসের বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট কার্যক্রম ২৪ ঘণ্টা বন্ধ থাকছে প্রথমবার মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াল ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদণ্ড বিরোধী: আইনমন্ত্রী বাংলা কিউআর: ক্যাশলেস বাংলাদেশের পথে নতুন বিপ্লব ভ্যানচালকের আর্জেন্টিনা প্রেম মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা: আন্তোনিও গুতেরেস বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে: ইইউ পর্যবেক্ষণ সংস্থা বিছানা নাপাক হলে ঐ ঘরে নামাজ পড়া যাবে কি? পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত কারাগারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি বরাদ্দ অর্থের ব্যয় নিশ্চিত করতে হবে চার স্তরে মজুত, জলাতঙ্কের ভ্যাকসিনের কোনো সংকট নেই: স্বাস্থ্যমন্ত্রী নারী ও শিশুর সুরক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ প্রয়োজন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা পাবে পরিবার মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান ইরানকে আলোচনা বিলম্ব করার ‘মূল্য দিতে হবে’: ট্রাম্প আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ৩ গাজীপুরে বাস উল্টে বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী আহত সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু: ১৫০ জনের বিরুদ্ধে মামলা চার দিনের সংগীত উৎসবে মেতে উঠছে ঢাকা সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত
Nagad desktop

ডিপিএল চলাকালীন ড্রেসিংরুমে মোবাইল নিষিদ্ধ

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:৫৭ এএম
আপডেট: ০৩ মে ২০২৬, ১১:৪০ এএম
ডিপিএল চলাকালীন ড্রেসিংরুমে মোবাইল নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে আবারও মাঠে নামছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ২০২৫-২৬ মৌসুম শুরু হচ্ছে ৪ মে, আর পর্দা নামবে ১১ জুন। দীর্ঘ বিরতির পর এই টুর্নামেন্ট ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। গত শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি এবং টুর্নামেন্ট কমিটি। গতকাল (২ মে) সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের নাম প্রকাশের অনুষ্ঠানে জানানো হয় কঠোর এক নিয়মের কথা।

সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত এসেছে ড্রেসিংরুম শৃঙ্খলা নিয়ে। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় ড্রেসিংরুমে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। মাঠে প্রবেশের আগেই ফোন জমা দিতে হবে, যাতে খেলার সময় পুরো মনোযোগ থাকে ক্রিকেটে।

লিগ শুরুর আগে ক্লাবগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের কথাও তুলে ধরেন তামিম। অতীতের সমস্যাগুলো যেন আর না ফিরে আসে, সে লক্ষ্যেই শুরু থেকে সব পক্ষকে নিয়ে আলোচনা করে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।

অনিক/

ভ্যানচালকের আর্জেন্টিনা প্রেম

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:১৬ পিএম
ভ্যানচালকের আর্জেন্টিনা প্রেম
ছবি: সংগৃহীত

পরিবারের অভাব-অনটন, কিস্তির চাপ, সংসারের নিত্য সংগ্রাম- এসব যেন ছাপিয়ে গেছে তার এক অন্যরকম আবেগ। প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে ব্যাংকঋণ নিয়ে নিজের ভ্যানগাড়িকে রাঙিয়েছেন আকাশি-সাদা রঙে, টানিয়েছেন বড় বড় পতাকা। এলাকায় তিনি এখন আর শুধু সুমন গৌড় নন, সবার কাছে তিনি ‘সুমন মেসি’।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করেন ৩৫ বছর বয়সী সুমন গৌড়। পেশায় ভ্যানচালক। প্রতিদিন ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়েই চলে তার সংসার। কিন্তু বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এলেই বদলে যায় তার জীবনযাপনের ছন্দ। তখন যেন তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার এক নিবেদিতপ্রাণ দূত।

সম্প্রতি গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন সুমন। তবে সেই ঋণের টাকা খরচ হয়েছে সংসারের প্রয়োজন মেটাতে নয়; বরং প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে। নিজের উপার্জনের একমাত্র বাহন ভ্যানগাড়িটিকে সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে। কিনেছেন আর্জেন্টিনার জার্সি, এমনকি জার্সির সঙ্গে মিলিয়ে লুঙ্গিও।

এতেই থেমে থাকেননি। নিজের এলাকায় বড় আকারের ১৬টি আর্জেন্টিনার পতাকা টানিয়েছেন। দূর থেকে দেখলে মনে হয়, কোনো আন্তর্জাতিক ফুটবল উৎসবের আয়োজন চলছে।

জানা গেছে, বিশ্বকাপ এলেই সুমনের এমন উচ্ছ্বাস নতুন কিছু নয়। বহু বছর ধরেই তিনি আর্জেন্টিনার সমর্থনে বিভিন্ন আয়োজন করে আসছেন। কখনো পতাকা টাঙানো, কখনো ভক্তদের নিয়ে আনন্দ-উৎসব, আবার কখনো আর্জেন্টিনার জয় উদ্‌যাপনে রান্না করে খাওয়ানো। এমন কর্মকাণ্ডের কারণেই এলাকাবাসী তার নাম দিয়েছেন ‘সুমন মেসি’। এখন সেই নামেই বেশি পরিচিত তিনি। কেউ ‘মেসি’ বলে ডাকলে খুশিই হন।

স্থানীয় বাসিন্দা লিটন মিয়া বলেন, সুমন আর্জেন্টিনার পাগল ভক্ত। অনেক বুঝিয়েছি, ঋণ করে এসব করার দরকার নেই। কিন্তু সে কারও কথা শোনে না। নিজের ঘরে ভাত না থাকলেও আর্জেন্টিনার জন্য খরচ করতে দ্বিধা করে না।

তবে সুমনের এই উন্মাদনার পেছনে রয়েছে এক হতদরিদ্র পরিবারের নীরব কষ্ট। স্ত্রী আরতি গৌড়ের চোখে স্বামীর এই ভালোবাসা কখনো কখনো হয়ে উঠেছে দুশ্চিন্তার কারণ। তিনি বলেন, বিয়ের পর থেকেই এমন পাগলামি দেখছি। সংসার চলে খুব কষ্টে। এরমধ্যেও আর্জেন্টিনাকে ভালোবেসে টাকা খরচ করতাছে। বুঝাইলেও বুঝে না কথা হয় সুমনের সঙ্গে। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা ও মেসি আমার আবেগ, আমার ভালোবাসা। সেই ভালোবাসার জায়গা থেকেই ভ্যানগাড়ি সাজিয়েছি, পতাকা টানিয়েছি। দলকে ভালোবাসি বলেই ঋণ করে এসব করছি।

কামরুজ্জামান মিন্টু/এসএন

শেষ বিশ্বকাপের আগে শিশুর মতো উচ্ছ্বসিত নেইমার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:০৪ পিএম
শেষ বিশ্বকাপের আগে শিশুর মতো উচ্ছ্বসিত নেইমার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে তার গল্পের শুরু হয়েছিল ২০১৪ সালে, ব্রাজিলের মাটিতে। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। চারটি বিশ্বকাপ, অসংখ্য স্মৃতি, সাফল্য-ব্যর্থতার মিশেল আর অগণিত প্রত্যাশার ভার কাঁধে নিয়ে আবারও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে হাজির হচ্ছেন নেইমার।

তবে এবারের বিশ্বকাপ অন্যরকম। কারণ ব্রাজিলিয়ান তারকা নিজেই জানিয়ে দিয়েছেন, এটিই হতে যাচ্ছে তার চতুর্থ এবং শেষ বিশ্বকাপ। সেই কারণেই হয়তো ৩৪ বছর বয়সেও নিজেকে তার আবার নতুন এক ফুটবলারের মতো মনে হচ্ছে- যেন প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা এক তরুণ।

তবে আবেগের এই গল্পের সঙ্গে জড়িয়ে আছে উদ্বেগও। পায়ের মাংসপেশির দীর্ঘদিনের সমস্যার কারণে বিশ্বকাপের শুরুতেই মাঠে নামা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার।

ধারণা করা হচ্ছে, শনিবার নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না তিনি। যদিও চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি হচ্ছে বলে জানা গেছে। এ কারণে আশাবাদী নেইমারও। তার বিশ্বাস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে কার্লো আনচেলোত্তির দলের হয়ে মাঠে নামতে পারবেন তিনি।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপপর্বে ১৯ জুন হাইতির মুখোমুখি হবে। এরপর ২৪ জুন গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগে মুক্তি পেতে যাওয়া পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘ভাই, ব্রাজিল’-এর একটি প্রিভিউতে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নেইমার।

তিনি বলেন, ‘যদিও এটা আমার চতুর্থ বিশ্বকাপ, তবুও সবকিছু এর সঙ্গে জড়িত এবং সব কিছুর ঊর্ধ্বে। এটাই শেষ বিশ্বকাপ, তাই অনুভূতিটা ভিন্ন।’ বিশ্বকাপের মতো মঞ্চে চতুর্থবার অংশ নিতে যাওয়া একজন অভিজ্ঞ ফুটবলারের মুখে এমন স্বীকারোক্তি বিস্ময় জাগাতে পারে। কিন্তু নেইমারের অনুভূতি আরও বেশি আবেগঘন।

ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘এখানে এসে আমার নিজেকে একটি বাচ্চার মতো লাগছে। এমন মনে হচ্ছে যেন ১৮ বছর বয়সি কেউ তার প্রথম বিশ্বকাপে খেলতে এসেছে।’ বিশ্বকাপকে ঘিরে তার উচ্ছ্বাস এখনও আগের মতোই তীব্র। বয়স বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে, কিন্তু স্বপ্ন দেখার শক্তি কমেনি, ‘এখানে আসতে পেরে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আমি এই বিশ্বকাপের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে যাচ্ছি এবং আশা করি এই বিশ্বকাপে বিশেষ কিছু হবে।’

ব্রাজিলের গত তিনটি বিশ্বকাপ অভিযানের অন্যতম প্রধান মুখ ছিলেন নেইমার। তবে এবার তার দলে জায়গা পাওয়া নিয়ে কিছুটা বিস্ময় ছিল। কারণ ২০২৩ সালের পর থেকে চোটের কারণে দেশের জার্সিতে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। দীর্ঘ পুনর্বাসন, অনিশ্চয়তা এবং ফিটনেস নিয়ে প্রশ্নের মধ্য দিয়েই বিশ্বকাপ দলে ফিরেছেন ব্রাজিলিয়ান এই তারকা।

পাপ্পু/অনিক/

সোমালিয়ান রেফারির সঙ্গে সন্ত্রাসবাদের সন্দেহজনক যোগসূত্র ছিল: মার্কিন কর্মকর্তা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১০:০৭ পিএম
সোমালিয়ান রেফারির সঙ্গে সন্ত্রাসবাদের সন্দেহজনক যোগসূত্র ছিল: মার্কিন কর্মকর্তা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে সোমালিয়ার ফুটবল রেফারি ওমর আরতানকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। ‘সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতার’ কারণে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।

এর আগে, হোয়াইট হাউস ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, ‘আরতানকে খুবই যুক্তিসঙ্গত কারণে প্রবেশে বাঁধা দেওয়া হয়েছে’। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এক বিবৃতিতে জানায়, গত শনিবার নিরাপত্তার কারণে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরতানকে ফেরত পাঠানো হয়। তবে এই জটিলতার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। কেনিয়ায় অবস্থিত সোমালিয়া দূতাবাসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহেই তাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা দেওয়া হয়েছিল।

দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরতান জানান, মায়ামি বিমানবন্দরে কর্মকর্তারা তাকে দীর্ঘ ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাকে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাওয়া হয়। এছাড়া সোমালিয়ার রাজনীতি ও সেখানে সরকারের বিরুদ্ধে লড়াইরত উগ্রপন্থী গোষ্ঠী আল-শাবাব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে। আরতান জানান, তিনি তাদের (কর্মকর্তাদের) ফিফার অফিশিয়াল কাগজপত্র এবং তার রেফারিং ক্যারিয়ারের বিভিন্ন ছবিও দেখান।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে একটি ডিটেনশন সেলে রাখা হয় এবং পরবর্তীতে ইস্তাম্বুলগামী একটি ফ্লাইটে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে তিনি কানেক্টিং ফ্লাইটে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

আরতান ক্ষোভ প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘আমার মনে হয় তাদের সমস্যা আমার দেশকে নিয়ে।’ তিনি দাবি করেন যে তার কাছে বৈধ ভিসা ও সব সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে কেন প্রবেশ করতে দেওয়া হলো না, সে বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি।

২০২৫ সালে আফ্রিকার সেরা রেফারি (পুরুষ) নির্বাচিত হওয়া আরতান দুই মাস আগে ফিফার চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিলেন। এর মাধ্যমে সোমালিয়ার ইতিহাসের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার গৌরব অর্জন করার কথা ছিল তার। এই বিষয়ে ফিফা জানিয়েছে, অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে তারা জড়িত নয়। মার্কিন কর্তৃপক্ষ তাদের জানিয়েছে যে আরতানের বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন আসবে না।

সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আরতানের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের ওয়াশিংটন দূতাবাস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফিফা কর্তৃক মনোনীত একজন ম্যাচ অফিসিয়ালকে বিশ্বকাপের আয়োজক দেশে প্রবেশ করতে না দেওয়ার এই ঘটনা অত্যন্ত নজিরবিহীন। সূচি অনুযায়ী, মিয়ামিতে রেফারিদের প্রশিক্ষণ ক্যাম্পে অন্য সহকর্মীদের সাথে যোগ দেওয়ার কথা ছিল আরতানের।

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আওতায় যে প্রায় ৪০টি দেশের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সোমালিয়া তার মধ্যে অন্যতম।

পাপ্পু/অনিক/

ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন ইরানের ফুটবলাররা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন ইরানের ফুটবলাররা
ছবি: সংগৃহীত

ইরান ফুটবল দলে তাদের বিশ্বকাপ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তবে ম্যাচ ডে’র আগে ও পরে তারা অবস্থান করবে মেক্সিকোতে। তিজুয়ানায় ক্যাম্প গড়া দলটি তাদের গ্রুপপর্বের তিন ম্যাচের প্রতিটির আগদিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে। গতকাল (৯ জুন) এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

এর আগে, গত সপ্তাহে শেষের দিকে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুলফজল পাসান্দিদেহকে উদ্ধৃত করে বলা হয়েছিল যে, ইরানের দলকে খেলার দিনেই যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং প্রস্থান করতে হবে।

ডিএইচএসের একজন মুখপাত্র বলেন, ইরানকে তাদের ম্যাচের দিনেই পৌঁছাতে বাধ্য করা হয়নি। তিনি এক বিবৃতিতে বলেন, ‘এই বক্তব্যগুলো সত্য নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদারতার জন্য ধন্যবাদ, ইরানের দলটি তাদের ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে আসতে পারবে।’

সূচি অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে আগামী ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান। খেলোয়াড়দের প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে অনুশীলনের কথা থাকলেও, গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়।

এর আগে গত মার্চ মাসে ট্রাম্প বলেছিলেন যে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়টিকে তিনি স্বাগত জানান। তবে একই সাথে তিনি মন্তব্য করেন, ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে’ ইরানি দলের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করা উচিত হবে বলে তিনি মনে করেন না।

পাপ্পু/অনিক/

মাগুরায় জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১৪ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০২:২৩ পিএম
মাগুরায় জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা
ছবি: খবরের কাগজ

ফুটবল বিশ্বকাপ এলেই নতুন করে আলোচনায় আসেন মাগুরার কৃষক আমজাদ হোসেন (৭৪)। 

জার্মান ফুটবল দলের প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি প্রতি বিশ্বকাপে তৈরি করেন বিশাল আকৃতির জার্মানির পতাকা। প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে চলা সেই ব্যতিক্রমী উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে তিনি তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা।

বুধবার (১০ জুন) মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকাটি প্রদর্শন করা হয়।

মাগুরা পৌরসভার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন পেশায় একজন কৃষক। পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের জনক তিনি। দীর্ঘদিন ধরে নিজের সামর্থ্য ও ভালোবাসার জায়গা থেকে জার্মানির পতাকা তৈরি করে আসছেন। তার এই উদ্যোগ এখন শুধু মাগুরা নয়, দেশের বিভিন্ন অঞ্চলের ফুটবলপ্রেমীদের কাছেও পরিচিত একটি বিষয়।

আমজাদ হোসেনের পতাকা তৈরির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। সে বছর জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে তিনি প্রায় ৩৫০ গজ দীর্ঘ একটি জার্মান পতাকা তৈরি করেন। এরপর প্রতি বিশ্বকাপেই তিনি পতাকার দৈর্ঘ্য বাড়িয়ে চলেছেন। ২০০৬ সালে দেড় কিলোমিটার, ২০১০ সালে আড়াই কিলোমিটার, ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার, ২০১৮ সালে সাড়ে পাঁচ কিলোমিটার এবং এবার ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছেন, যা তার এ পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় পতাকা।

কেন একটি বিদেশি দেশের প্রতি এত ভালোবাসা এমন প্রশ্নের জবাবে আমজাদ হোসেন জানান, ২০০৪-০৫ সালের দিকে তিনি একটি কঠিন রোগে আক্রান্ত হন। বিভিন্ন চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেও তেমন উপকার পাচ্ছিলেন না। পরে মাগুরা শহরের মনোরঞ্জন কবিরাজের পরামর্শে জার্মানিতে তৈরি একটি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেন। সেই ওষুধে তিনি সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকেই জার্মানির প্রতি তার বিশেষ অনুরাগ জন্ম নেয়। কৃতজ্ঞতা ও ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি জার্মানির পতাকা তৈরি শুরু করেন।

তবে এই ভালোবাসার পথ সবসময় সহজ ছিল না। পতাকা তৈরির জন্য তাকে অনেক আর্থিক সংকট মোকাবিলা করতে হয়েছে। বিশেষ করে ২০১৪ সালে পরিবারের অধিকাংশ সদস্য তার এ উদ্যোগের বিরোধিতা করেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন আমজাদ। সে সময় পতাকা তৈরির খরচ জোগাতে তিনি ২০ শতক জমি বিক্রি করেন। ওই বছরের পতাকা তৈরিতে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছিল বলে জানান তিনি। পরে জার্মানি বিশ্বকাপ জেতায় আনন্দ উদযাপনের জন্য গরু জবাই করে মেজবানেরও আয়োজন করেছিলেন।

আমজাদের এই ব্যতিক্রমী উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। ২০১৪ সালে তৎকালীন জার্মান রাষ্ট্রদূত মাগুরায় এসে তার তৈরি পতাকার উদ্বোধন করেন। একই সঙ্গে জার্মান দূতাবাসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয়। ২০১৮ সালেও জার্মান দূতাবাসের কর্মকর্তারা তার পতাকা প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেন। তবে এবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন পতাকা প্রদর্শন করা হয়েছে।

আমজাদ হোসেন বলেন, ‘আমি ভালোবাসা থেকেই এসব করি। এজন্য কখনো কারও কাছে সাহায্য চাইনি। এবার আমার সন্তানেরাই পতাকা তৈরির খরচ দিয়েছে। আমি এই পতাকাটি জার্মান দূতাবাসকে উপহার দিতে চাই। তারা চাইলে এটি জাদুঘরে সংরক্ষণ করতে পারে।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তার আশা, আল্লাহ তাকে সুস্থ রাখলে ২০৩০ বিশ্বকাপ উপলক্ষে ১০ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরি করবেন। এরপর সেই পতাকাটি জার্মানির কোনো জাদুঘরে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন।

শ্রাবণ/রিফাত/