বিশ্বকাপ শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিলিয়ানরা। জাতীয় দল নিশ্চিত করেছে যে, কাফের (পায়ের পেছনের পেশি) চোট থেকে নেইমার ভালোভাবেই সেরে উঠছেন। এই চোটের কারণে টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, সোমবার (৮ জুন) করা এমআরআই স্ক্যানে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ‘ব্রাজিল দলের মেডিকেল স্টাফের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তিনি পুনরুদ্ধার ও ফিটনেস কর্মসূচি অনুসরণ করতে থাকবেন।’
গত মাসের শেষ দিকে চোটে পড়েন নেইমার। এরপর থেকেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনি ফিট হওয়ার চেষ্টা করছেন, যাতে শনিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেন।
৩৪ বছর বয়সি এই তারকা সোমবার দলের সঙ্গে অনুশীলন করেননি। ম্যানহাটনের পশ্চিমে নিউ ইয়র্ক রেড বুলসের ট্রেনিং সেন্টারে থাকা ব্রাজিল দলের ঘাঁটিতে সতীর্থদের সঙ্গে মাঠে না নেমে তিনি ইনডোরে জিমে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে গেছেন।
তার ফিটনেস নিয়ে উদ্বেগ থাকলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী। ইতালিয়ান এই কোচ গত সপ্তাহে বলেছিলেন, টুর্নামেন্টের প্রথম অথবা দ্বিতীয় ম্যাচের জন্য নেইমার প্রস্তুত থাকতে পারেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নেইমারকে দ্রুত মাঠে ফেরানোর ব্যাপারে তার কোনো তাড়াহুড়া নেই।
বর্তমানে সান্তোসের হয়ে খেলা নেইমার দীর্ঘ সময় ধরে চোট-জর্জরিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। ২০২৩ সালের পর থেকে তিনি ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলেননি। চলতি বছর ক্লাব ফুটবলেও ফিটনেস সমস্যার কারণে তার অংশগ্রহণ সীমিত ছিল। ঘরোয়া ও মহাদেশীয় প্রতিযোগিতা মিলিয়ে সান্তোসের মাত্র অর্ধেক ম্যাচে খেলতে পেরেছেন এই ফরোয়ার্ড।
ব্রাজিলের হয়ে শেষ তিনটি বিশ্বকাপে খেলা অভিজ্ঞ এই তারকাকে দলে নেওয়া নিয়ে সাম্প্রতিক চোটের ইতিহাসের কারণে কিছু প্রশ্ন উঠেছিল। তবে দেশের রেকর্ড গোলদাতা হিসেবে তার অভিজ্ঞতা ও গুরুত্ব আনচেলত্তির পরিকল্পনায় তাকে গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছে। ব্রাজিল যখন হেক্সা বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে, তখন নেইমারকে ঘিরে প্রত্যাশাও ততটাই বেশি।
অনিক/