বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি তাদের নতুন এআই মডেল ‘ও৩’ প্রকাশের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, নতুন এআই মডেলটি নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং শিগগিরই এটি এপিআই ও চ্যাটজিপিটির মাধ্যমে সবার জন্য উন্মুক্ত হবে।
গত বৃহস্পতিবার এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে স্যাম অল্টম্যান নিশ্চিত করেন ‘ও৩-মিনি’ মডেলটি শুধু পেইড গ্রাহকদের জন্য নয়, বিনামূল্যেও ব্যবহার করা যাবে। ওপেনএআই সাধারণত তাদের সর্বশেষ প্রযুক্তি প্রথমে পেইড গ্রাহকদের জন্য উন্মুক্ত করে। তবে এবার ও৩-মিনি ফ্রি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত ব্যতিক্রমী উদ্যোগ।
গত বছরের ডিসেম্বরে ‘টুয়েলভ ডেইজ অব ওপেনএআই’ ইভেন্টে ও৩ মডেলের প্রথম ঘোষণা দেওয়া হয়। ওপেনএআইয়ের প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান এটিকে ‘যুগান্তকারী অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছিলেন। তার মতে, এটি প্রতিষ্ঠানটির কঠিনতম পরীক্ষাগুলোতে যুগান্তকারী উন্নতি দেখিয়েছে।
ও৩ মডেলটি আগের মডেল ও১-এর মতোই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তথ্য ও যুক্তি যাচাই করে। ফলে এটি আরও নির্ভুল ও পুনরায় ব্যবহারযোগ্য উত্তর দিতে সক্ষম। তবে এতে প্রতিক্রিয়া জানাতে কিছুটা সময় বেশি লাগতে পারে।
ও৩-মিনি মডেলটি মূল মডেলের একটি লাইট সংস্করণ, যা দ্রুতগতি ও কম কম্পিউটিং ক্ষমতার প্রয়োজনীয়তা নিশ্চিত করে। এটি বর্তমানের জিপিটি-৪ ও টার্বো- মডেলের চেয়ে বেশি কার্যকর।
ওপেনএআই এখনো ও৩ মডেলে উন্মোচনের নির্দিষ্ট তারিখ জানায়নি। তবে আশা করা হচ্ছে, শিগগিরই এটি ফ্রি ও পেইড ব্যবহারকারীদের জন্য বাজারে আসবে। বর্তমানে প্লাস সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হয় চ্যাটজিপিটি ব্যবহারকারীদের। প্রো সাবস্ক্রিপশনের জন্য মাসিক ২০০ ডলার খরচ করতে হয় উন্নত ফিচার ও মডেলের পূর্ণাঙ্গ সুবিধা পাওয়ার জন্য।
/আবরার জাহিন