কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও জেনারেটর টুল সোরা এবার সরাসরি চ্যাটজিপিটিতে যুক্ত করতে যাচ্ছে ওপেনএআই। গত শুক্রবার প্রতিষ্ঠানটির এক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে সোরা শুধু একটি পৃথক ওয়েব অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়, যা গত ডিসেম্বরে চালু করা হয়। এই অ্যাপ ব্যবহার করে ২০ সেকেন্ড পর্যন্ত সিনেমাটিক ভিডিও তৈরি করা যায়। তবে ওপেনএআইয়ের প্রোডাক্ট লিড রোহান সাহাই জানিয়েছেন, ভবিষ্যতে সোরা আরও বিস্তৃত পরিসরে ব্যবহারযোগ্য হবে এবং চ্যাটজিপিটির সঙ্গেও একীভূত করা হবে।
প্রথমদিকে সোরা কেবল সৃজনশীল ব্যক্তিদের ও ভিডিও প্রোডাকশন স্টুডিওগুলোর জন্য বাজারজাত করা হয়েছিল। তবে এখন প্রতিষ্ঠানটি এর ব্যবহার আরও প্রসারিত করতে কাজ করছে।
ওপেনএআই গুরুত্বের সঙ্গে সোরা ও চ্যাটজিপিটিকে একীভূত করার উপায় নিয়ে কাজ করছে। যদিও কবে নাগাদ এটি চালু হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। তবে সোরা চ্যাটজিপিটিতে যুক্ত হলে আগের মতো উন্নত সম্পাদনার সুবিধা নাও থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সাহাই।
বিশেষজ্ঞরা বলছেন, এটি চ্যাটজিপিটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারে ব্যবহারকারীদের আরও আগ্রহী করে তুলতে পারে, যেখানে হয়তো ভিডিও তৈরির সীমা বাড়ানো হতে পারে।
সাহাই জানিয়েছেন, চ্যাটজিপিটির সহজ ইন্টারফেস বজায় রাখতে সোরাকে আলাদা ওয়েব অ্যাপ হিসেবে চালু করা হয়েছিল। তবে ভবিষ্যতে এটি মোবাইল অ্যাপ হিসেবে চালুর পরিকল্পনাও রয়েছে ওপেনএআইয়ের।
সোরা দিয়ে ছবি তৈরি
ওপেনএআই আরও উন্নত ছবি তৈরির প্রযুক্তি আনতে চায়, যা সোরা মডেলের ওপর ভিত্তি করে কাজ করবে। যদিও চ্যাটজিপিটিতে বর্তমানে ‘ডাল-ই ৩’ প্রযুক্তি ব্যবহার করে ছবি তৈরি করা যায়। তবে নতুন সোরা ভিত্তিক প্রযুক্তি আরও ফটোরিয়ালিস্টিক ছবি তৈরির সুযোগ দিতে পারে।
এ ছাড়া ওপেনএআই সোরা টার্বোর নতুন সংস্করণের ওপর কাজ করছে। বিশ্লেষকদের মতে, সোরা চ্যাটজিপিটিতে যুক্ত হলে ভিডিও এডিটিং ও কনটেন্ট ক্রিয়েশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও জনপ্রিয় হবে। একই সঙ্গে চ্যাটজিপিটি টেক্সট-টু-ভিডিও জেনারেশনে নতুন মাত্রা যোগ করবে।
/আবরার জাহিন