যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমে নতুন ধরনের কর্মী যুক্ত করছে। তবে সেটা কোনো মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর এক কোডিং এজেন্ট, যার নাম ‘ডেভিন’। ব্যাংকটির প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) মার্কো আর্জেন্তিনি সম্প্রতি সিএনবিসিকে এ তথ্য জানিয়েছেন। ডেভিনকে বলা হচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
মার্কো আর্জেন্তিনি বলেন, ‘আমরা আমাদের কর্মী কাঠামোতে ডেভিনকে যুক্ত করছি। এটি আমাদের এক নতুন কর্মীর মতো কাজ করবে।’ তিনি জানান, প্রাথমিকভাবে শত শত ডেভিন ব্যবহার করা হবে। ভবিষ্যতে এর সংখ্যা হাজার পর্যন্ত বাড়ানো হতে পারে।
গোল্ডম্যান স্যাকসে বর্তমানে প্রায় ১২ হাজার সফটওয়্যার ডেভেলপার কাজ করছেন। তাদের সহযোগিতায় ডেভিন ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রযুক্তি গ্রহণে ধীরগতিসম্পন্ন হলেও গোল্ডম্যান স্যাকস বরাবরই আধুনিক প্রযুক্তি ব্যবহারে অগ্রগামী। ব্যাংকটি ২০২৪ সাল থেকে অভ্যন্তরীণভাবে ডেভেলপারদের জন্য কোডিং অ্যাসিস্ট্যান্ট বা ‘কোপাইলট’ ব্যবহার করে আসছে।
ডেভিন এআই তৈরি করেছে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ প্রতিষ্ঠান কগনিশন। গত বছর এজেন্টটি প্রথম উন্মোচনের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তবে কিছু গবেষণায় দেখা যায় জটিল প্রোগ্রামিং সমস্যার ক্ষেত্রে এর দক্ষতা কিছুটা সীমিত।
তবে কগনিশন জানিয়েছে, ২০২৫ সালের মে মাসে ডেভিনের ভার্সন ২.১ চালু হয়েছে, যা বড় পরিসরের কোডবেস থেকে তথ্য নিয়ে ভালোভাবে কাজ করতে পারে।
গোল্ডম্যান স্যাকস বলছে, ডেভিন মানবকর্মীদের সরিয়ে দেবে না। বরং এটিকে মানুষের সহায়ক হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্তিনির ভাষায়, ‘আমরা একটি হাইব্রিড কর্মী ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মানুষ ও এআই একসঙ্গে কাজ করবে।’
বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ বিশ্বজুড়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ও আর্থিক খাতে এআই সহকর্মীর ব্যবহার আরও বাড়াতে পারে।