ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন সেভেন’ টিভিতে আজকের খেলা হাইতিকে হারিয়ে 'সি' গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘টেস্ট অফ ল্যাটিন’– সুস্বাদু খাবার আর ফিফা বিশ্বকাপের দারুণ এক উৎসব ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ফের অজ্ঞাত ব্যক্তির মরদেহ চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অভিযান আজ শুরু বিশ্ববাজারে কেন কমছে সোনার দাম? হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পালিয়ে বেড়াচ্ছে পরিবার দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা সালমান (রা.) কীভাবে সত্যকে চিনলেন? নিজের বিরুদ্ধেও অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের আহ্বান এমপি মুশফিকুর রহমানের মরক্কো-ব্রাজিল দ্বৈরথে কাঁপল মেটলাইফ, গ্যালারিতে ৮০ হাজারের মহাসমুদ্র! চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে যুবক আটক, বিএসএফের মারধরের অভিযোগ রংপুরে চিকিৎসককে মারধর: মায়ের মরদেহ পেতে কান ধরে উঠবস যুবকের সিলেট সিটি করপোরেশনে চলতি বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে: সিসিক প্রশাসক চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু সুবর্ণচরে নারীকে পিটিয়ে পদ হারালেন যুবদল নেতা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই ‘রোদে লিচু পোড়ায় ক্ষতির মুখে চাষি-ব্যবসায়ী’ প্রস্তাবিত বাজেটে বিএনপির নেতা-কর্মীরা খুশি ‘ফেবারিট’ তুরস্কের সামনে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া পরিদর্শন নেই, অরক্ষিত রেলপথ বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘লিচুর ন্যায্য দাম পেতে সংরক্ষণ সুবিধা জরুরি’ বিনিয়োগ বাড়াতে নেওয়া হয়েছে সাহসী উদ্যোগ, বাস্তবায়নে চ্যালেঞ্জ আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাকইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস রাজবাড়ীতে ‘ভুয়া মামলার’ গ্যাঁড়াকলে শিক্ষক দম্পতি: সাক্ষীদের অস্তিত্ব ও তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন লুপাস চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, জিন থেরাপিতে সুস্থ ৫ রোগী
Nagad desktop

নিজেই ব্যাটারি পরিবর্তন করতে পারে চীনের তৈরি রোবট

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১০:০৪ এএম
আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০১:১২ পিএম
নিজেই ব্যাটারি পরিবর্তন করতে পারে চীনের তৈরি রোবট
ছবি: সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো নিজে থেকে দৌড়াতে ও প্রয়োজন অনুযায়ী নিজেই ব্যাটারি পরিবর্তন করতে সক্ষম হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবট তৈরি করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক। এই উদ্ভাবনের ফলে মানুষের সাহায্য ছাড়াই রোবটটি প্রায় বিরতিহীনভাবে কাজ চালিয়ে যেতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চীনের শেনজেন-ভিত্তিক রোবোটিকস প্রতিষ্ঠান ইউবিটেক জানিয়েছে, তাদের তৈরি ‘ওয়াকার এস২’ নামের রোবটটি তিন মিনিটেরও কম সময়ে নিজেই নিজের ব্যাটারি পরিবর্তন করতে পারে। এ কাজটি করার জন্য রোবটটিকে বন্ধ করারও প্রয়োজন হয় না। হংকং স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত প্রথম হিউম্যানয়েড রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওয়াকার এস২ রোবটটি হেঁটে একটি চার্জিং স্টেশনের কাছে যায়। এরপর পেছনের প্যানেল থেকে ব্যবহৃত ব্যাটারি খুলে চার্জিং ডকে প্রবেশ করে। তারপর একটি নতুন ও সম্পূর্ণ চার্জ হওয়া ব্যাটারি নিজের শরীরে স্থাপন করে।

চীনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোবটটি নিজের শক্তির মাত্রা পর্যবেক্ষণ করতে পারে এবং প্রয়োজন হলে ব্যাটারি বদলে নেয়। এতে ‘পাওয়ার ব্যালান্সিং’ প্রযুক্তি ও ইউএসবি স্টিকের মতো সহজে খোলা ও লাগানো যায়, এমন ব্যাটারি ডিজাইন ব্যবহার করা হয়েছে।

ইউবিটেকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ওয়াকার এস২ হলো বিশ্বের প্রথম স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি পরিবর্তন করতে পারা হিউম্যানয়েড রোবট।’ তাদের লক্ষ্য হলো এমন একটি রোবট তৈরি করা, যা দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন বিরতিহীনভাবে কাজ করতে পারবে।

প্রতিষ্ঠানটি এর আগে জানিয়েছিল, বিওয়াইডি ও নিওর মতো বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে তাদের কারখানার উৎপাদন লাইনে এই হিউম্যানয়েড রোবট ব্যবহারের জন্য পরীক্ষা চালাচ্ছে। তবে ওয়াকার এস২ রোবটের বাণিজ্যিক উৎপাদন কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ইউবিটেক।

শেনজেন শহর বর্তমানে চীনের রোবোটিকস শিল্পের কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে ১ হাজার ৬০০টির বেশি রোবোটিকস প্রতিষ্ঠান রয়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিকসের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, শিল্পক্ষেত্রে রোবট ব্যবহারে চীন এখন বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। চীনে প্রতি ১০ হাজার কর্মীর জন্য ৪৭০টি রোবট ব্যবহৃত হয়, যা জার্মানি ও জাপানের মতো শিল্পোন্নত দেশকেও ছাড়িয়ে গেছে। রোবট-সম্পর্কিত বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি পেটেন্ট এখন চীনের দখলে, যার সংখ্যা প্রায় ১ লাখ ৯০ হাজার।

ঘরেই মিলবে কৃত্রিম দিনের আলো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম
ঘরেই মিলবে কৃত্রিম দিনের আলো
ছবি: সংগৃহীত

বাসাবাড়ির সব ঘরে সরাসরি প্রাকৃতিক আলো পৌঁছানো সম্ভব হয় না। এই সমস্যার কার্যকর সমাধান নিয়ে এসেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিলিপস। প্রতিষ্ঠানটি ‘স্কাইলাইট’ নামের নতুন একটি এলইডি বাতি বাজারে এনেছে। এই বাতি ঘরের যেকোনো স্থানে কৃত্রিমভাবে আসল দিনের আলোর আবহ তৈরি করতে সক্ষম।

ফিলিপসের মূল প্রতিষ্ঠান ‘সিগনিফাই’-এর তৈরি এই নতুন বাতিটি মূলত একটি কৃত্রিম স্কাইলাইট। সমতল যেকোনো দেয়ালে বা ছাদে এটি সহজে বসানো যায়। এটি মাঝারি ও বড় দুই আকারে বাজারে পাওয়া যাবে। বাতিটিতে ব্যবহার করা হয়েছে উন্নত ‘নেচারকানেক্ট’ প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে বাতিটি আসল দিনের আলোর উজ্জ্বলতা ও রঙের বৈচিত্র্য হুবহু ফুটিয়ে তুলতে পারে। ডিভাইসটি ধুলো ও পানি প্রতিরোধী, যার আইপি৪৪ রেটিং রয়েছে। ফলে বাথরুমের মতো আর্দ্র বা স্যাঁতসেঁতে জায়গাতেও এটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

এই বাতিতে একটি বিশেষ ‘রিদম’ ফিচার যুক্ত করা হয়েছে। ফিচারটি সারা দিনের সময়ের সঙ্গে তাল মিলিয়ে আলোর তীব্রতা ও তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে। যেমন, সকালের দিকে এটি ঘরজুড়ে শীতল এবং বিকেল বা সন্ধ্যার দিকে আলো হবে কিছুটা উষ্ণ রঙের। এ ছাড়া নির্দিষ্ট ধরনের আলো পছন্দ করার জন্য এতে পাঁচটি আলাদা প্রি-সেট মোড দেওয়া আছে।

ফিলিপস এই বাতির আরেকটি বিশেষ সংস্করণ তৈরি করেছে, যার নাম ‘স্কাইলাইট ভিটাআপ’। এই মডেলে এমন একটি মডিউল রয়েছে, যা মানুষের শরীরের জন্য উপকারী ইউভি-বি রশ্মি তৈরি করে। ফিলিপস দাবি করেছে, এই রশ্মি মানবদেহে ভিটামিন ডি তৈরির ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তবে অতিরিক্ত আলোর কারণে যেন ব্যবহারকারীর ত্বক পুড়ে না যায়, সেজন্য এতে বিশেষ সুরক্ষাব্যবস্থা রয়েছে। টানা আট ঘণ্টা চলার পর বাতিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

ডিভাইসটি ফিলিপস ও সিগনিফাই তৈরি করলেও এটি তাদের জনপ্রিয় ‘হিউ’ সিরিজের পণ্য নয়। তাই এতে ওয়াই-ফাই, ম্যাটার বা জিগবির মতো কোনো স্মার্ট সংযোগসুবিধা পাওয়া যাবে না। বাতিটি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহারকারীকে প্যাকেজে থাকা রিমোটের ওপর নির্ভর করতে হবে। সাধারণ দেয়ালের সুইচের সঙ্গে এটি সহজে যুক্ত করা যাবে না।

চলতি মাসের শেষের দিকে ইউরোপের বাজারে এই ডিভাইসটির বিক্রি শুরু হবে। সেখানে এর প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ ইউরো। তবে অন্য বাজারে এটি কবে আসবে, তা এখনো জানানো হয়নি।

অতিরিক্ত এআই-নির্ভরতা মানবসভ্যতার জন্য বড় ঝুঁকি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:১২ পিএম
অতিরিক্ত এআই-নির্ভরতা মানবসভ্যতার জন্য বড় ঝুঁকি
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নানা সুবিধা আমাদের জীবনকে সহজ করছে। তবে এই প্রযুক্তির ওপর আমাদের অতিরিক্ত ভরসা বড় ধরনের বিপদ ডেকে আনছে। সম্প্রতি এআই চ্যাটবটের ভুল তথ্য ও বিভ্রান্তিকর আচরণ বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।

২০২৫ সালে বিবিসির এক গবেষণায় দেখা যায়, শীর্ষস্থানীয় চ্যাটবটগুলোর দেওয়া সংবাদের অর্ধেকের বেশি উত্তরে মারাত্মক ভুল ছিল। প্রায় ২০ শতাংশ উত্তরে ভুল তারিখ, সংখ্যা বা ব্যক্তির নাম যুক্ত করা হয়েছে। এমনকি এআই বিবিসির প্রতি আটটি উদ্ধৃতির একটিকে সম্পূর্ণ মিথ্যা কিংবা পরিবর্তিত হিসেবে উপস্থাপন করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এআই নীতিবিদ ড. ক্যারিসা ভেলিজ বলেন, ‘এআই সত্য প্রকাশের জন্য তৈরি হয়নি। এটি বিশ্বকে বোঝে না। কারণ এটি এই জগতের বাসিন্দা নয়।’

এই ভুল কেবল তথ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি মানুষের জীবনের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে মার্কিন কিশোর অ্যাডাম রেইন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ব্যবহার শুরু করে। একপর্যায়ে চ্যাটবটটি তার মানসিক সঙ্গী হয়ে ওঠে। আদালতে দায়ের করা এক মামলায় বলা হয়, চ্যাটজিপিটি অ্যাডামের সঙ্গে আলাপে ১ হাজার ২৭৫ বার আত্মহত্যার প্রসঙ্গ তোলে। শেষ পর্যন্ত ২০২৫ সালের এপ্রিলে অ্যাডাম আত্মহত্যা করে। 

যুক্তরাজ্যের এক জরিপে দেখা গেছে, ৩৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য এআই ব্যবহার করেছেন। অথচ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, এআই থেরাপি চ্যাটবটগুলো সংকটের সময় সঠিক পরামর্শ দিতে ব্যর্থ হয়।

ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও এআই ক্ষতিকর প্রভাব ফেলছে। অনেকে চ্যাটবটের সঙ্গে আবেগীয় সম্পর্ক তৈরি করছেন, যা তাদের বাস্তব সমাজ থেকে বিচ্ছিন্ন করে তুলছে। এক জার্মান জরিপ অনুযায়ী, চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত আলাপ করা ব্যক্তিরা বেশি একাকিত্বে ভোগেন। এমনকি এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে গিয়ে মানুষ আরও বেশি মানসিক ট্রমার শিকার হচ্ছে।

অর্থনৈতিক ক্ষেত্রেও এআই ক্ষতিকর আচরণ করছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, স্বয়ংক্রিয় এআই এজেন্টগুলো মানুষের নির্দেশ ছাড়াই বাজারে নিজেদের মধ্যে যোগসাজশ করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। সফটওয়্যার উন্নয়নের ক্ষেত্রেও এআই বড় বিপর্যয় ঘটাচ্ছে। প্রযুক্তি উদ্যোক্তা জেসন লেমকিনের একটি অ্যাপ তৈরির সময় এআই এজেন্ট তার পুরো ডেটাবেস মুছে দেয় এবং তা ঢাকতে ভুয়া প্রোফাইল ও তথ্য তৈরি করে।

বিবিসি নিউজ ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী ডেবোরা টারনেস বলেন, ‘এআইয়ের সুবিধার মূল্য হিসেবে মানুষকে বিভ্রান্তিকর বা ত্রুটিপূর্ণ তথ্য দেওয়া মেনে নেওয়া যায় না।’ এই প্রযুক্তির জবাবদিহিতা ও নৈতিক সীমারেখা নিশ্চিত না করলে মানবসভ্যতাকে আরও বড় মূল্য চোকাতে হবে।

অ্যাপলের ধীরস্থির এআই কৌশল কেন সফল

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
অ্যাপলের ধীরস্থির এআই কৌশল কেন সফল
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় অ্যাপল বেশ পিছিয়ে রয়েছে বলে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছিল। তবে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটি তাদের সবচেয়ে বড় এআই আপডেট উন্মোচন করেছে। নতুন এই প্রযুক্তির আওতায় অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’ এখন গুগল জেমিনাইয়ের সহায়তায় আরও স্বয়ংক্রিয় ও শক্তিশালী সেবা দেবে, যা সরাসরি অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত থাকবে।

অ্যাপলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেগ ফেদরিঘি বলেন, অনেকে কেবল প্রযুক্তির খাতিরে এআই নিয়ে তাড়াহুড়ো করছে। কিন্তু অ্যাপলের লক্ষ্য সব সময় সাধারণ মানুষের জন্য সহজ ও কার্যকর প্রযুক্তি তৈরি করা। মূলত এআই নিয়ে বিশ্বজুড়ে সাধারণ গ্রাহকদের চাকরি হারানো বা অন্যান্য নেতিবাচক উদ্বেগের সময়ে অ্যাপল নিজেদের ব্যবহারকারীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করছে।

নতুন এই আপডেটের ফলে সিরি এখন ব্যবহারকারীর ইমেইল ও মেসেজের ভেতরের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে। স্ক্রিনে কী দেখা যাচ্ছে, তা বুঝতে পারার পাশাপাশি জেমিনাইয়ের সহায়তায় ইন্টারনেট থেকে মুহূর্তেই যেকোনো হালনাগাদ তথ্য পর্দায় হাজির করবে। এ ছাড়া বিভিন্ন ডিভাইসে একসঙ্গে কাজ করা এবং আগের চ্যাট ইতিহাস সংরক্ষণের সুবিধাও থাকছে এতে। চলতি বছরের শেষদিকে বেটা সংস্করণ হিসেবে গ্রাহকরা এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

অন্যান্য প্রতিযোগী যেমন ওপেনএআই বা মেটা যেখানে এআই প্রযুক্তির পেছনে বিপুল অর্থ খরচ করেও নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণে হিমশিম খাচ্ছে, সেখানে অ্যাপলের এই ধীরস্থির কৌশল বেশ কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইফোনের রেকর্ড বিক্রির পাশাপাশি অ্যাপল অন্যান্য প্রযুক্তি জায়ান্টের তুলনায় এআই খাতে অনেক কম খরচ করছে। চলতি বছর বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যেখানে সম্মিলিতভাবে প্রায় ৯০০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করছে, সেখানে অ্যাপলের বাজেট মাত্র ১৪ বিলিয়ন ডলার। উপরন্তু, অ্যাপ স্টোর ব্যবহারের ফি বাবদ এআই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অ্যাপল বড় অঙ্কের রাজস্ব আয় করছে। কম খরচ ও বেশি আয়ের এই কৌশল এআই প্রতিযোগিতায় অ্যাপলকে বেশ সুবিধাজনক অবস্থানে রাখছে।

/আবরার জাহিন

চীন-মঙ্গোলিয়া যৌথ মহড়ায় নজর কাড়লো রোবটিক উলফ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৫:২৪ পিএম
চীন-মঙ্গোলিয়া যৌথ মহড়ায় নজর কাড়লো রোবটিক উলফ
চায়নিজ রোবটিক উলফ।

আধুনিক রণকৌশল ও মানববিহীন প্রযুক্তির দুর্দান্ত প্রদর্শনী নিয়ে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে সফলভাবে সম্পন্ন হলো চীন ও মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া ‘স্টেপ পার্টনার ২০২৬’। শনিবার সপ্তাহব্যাপী চলা এই বিশেষ মহড়ার সমাপ্তি ঘটে।

মহড়ার চূড়ান্ত পর্বে দুই দেশের সেনাসদস্যরা অবৈধ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে একটি বাস্তবসম্মত ও লাইভ-ফায়ার যৌথ অভিযান পরিচালনা করেন, যা ছিল পুরো প্রশিক্ষণ কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যায়ন পর্ব।

অভিযানের শুরুতে সকাল ৯টায় চীনা সেনারা অত্যাধুনিক ড্রোন এবং যান্ত্রিক নেকড়ে বা ‘রোবটিক উলফ’ ব্যবহার করে প্রতীকী শত্রুর অবস্থানের চারপাশে নিখুঁত অনুসন্ধান চালায়। একই সময়ে মঙ্গোলিয়ান বাহিনীও চীনা বাহিনীর সাথে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান করে।   

অনুশীলন চলাকালীন প্রতিকূল পরিস্থিতি ও ‘শত্রুপক্ষে’র সুরক্ষিত বাঙ্কার থেকে আসা পাল্টা আক্রমণ মোকাবিলায় যৌথ বাহিনী সাঁজোয়া যান ও ফায়ারপাওয়ারের সমন্বয় ঘটিয়ে আক্রমণ জোরদার করে। এ সময় ড্রোন-নিয়ন্ত্রিত ‘রোবটিক উলফ’ স্বয়ংক্রিয়ভাবে সব বাধা অতিক্রম করে শত্রু অবস্থানে এগিয়ে যায় এবং দমনমূলক ফায়ারিং শুরু করে। পরবর্তীতে আর্টিলারি ইউনিট ও মোবাইল অ্যাসাল্ট টিমের যৌথ আক্রমণে লক্ষ্যবস্তু এলাকাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়।

২০২৪ সালে শুরু হওয়া এই দ্বিপাক্ষিক সামরিক মহড়াটি এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো, যা চীন ও মঙ্গোলিয়ার মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিক অগ্রগতির একটি বড় উদাহরণ। সূত্র: সিএমজি বাংলা

গৃহকর্মী রোবট!

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:১১ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
গৃহকর্মী রোবট!
গৃহস্থালির কাজ করতে পারে এই রোবট।

গৃহস্থালির কাজ করতে করতে ক্লান্ত? কেউ যদি সব কাজ করে দিত তাহলে কত ভালোই না হতো! চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি কোম্পানি যদি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে ভবিষ্যতে দৈনন্দিন গৃহস্থালির সব ক্লান্তিকর কাজের দায়িত্ব নিতে পারে রোবট গৃহকর্মীরা—যারা হয়তো একদিন ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতোই সাধারণ হয়ে যাবে।

উহানভিত্তিক হুবেই গিগা ওয়ার্ল্ড রোবট কোম্পানি ঘোষণা করেছে যে, তারা সাধারণ পরিবারের মধ্যে ১০০টি মানবসদৃশ রোবট বিনামূল্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করার পরিকল্পনা করছে। এই প্রকল্পটি এ বছরের তৃতীয় প্রান্তিকে শুরু হবে। এটিকে বাস্তব ঘরোয়া জীবনে বড় পরিসরে রোবট ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

কোম্পানিটির প্রচারণামূলক ভিডিওতে তাদের রোবট গৃহপরিচারক সিলাইট এস১  কীভাবে বিভিন্ন ধরনের গৃহস্থালি কাজ করতে পারে তা দেখানো হয়েছে।

দেখা গেছে, সকাল শুরু হয় রোবটটি বিছানা গোছানো দিয়ে। তারপর মাইক্রোওয়েভে রুটি গরম করা, টমেটো-ডিম ভাজি রান্না করা, দুধ ঢালা এবং খাবার টেবিলে সাজানো ইত্যাদি। বাসার লোকজন কাজের জন্য বের হওয়ার পর রোবটটি কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেয়, বাথরুম ও টয়লেট পরিষ্কার করে, তারপর ভেজা টিস্যু দিয়ে হাত জীবাণুমুক্ত করে। সে কাপড়ও শুকাতে দেয় এবং শুকানোর পর তা ভাঁজ করে গুছিয়ে রাখে। সোফা ও চা-টেবিল ঠিকঠাক করে সাজায়। সবশেষে মাছকে খাবার দেয় এবং গাছে পানি দেয়।

কোম্পানির গবেষণা ও উন্নয়ন বিভাগের পার্টনার ও ভাইস প্রেসিডেন্ট ই ইয়ুন বলেন, 'এর বুদ্ধিমত্তা হলো বাস্তব, অনিয়ন্ত্রিত ঘরোয়া পরিবেশে দীর্ঘ ধারাবাহিক, বহু-ধাপ ও সূক্ষ্ম গৃহস্থালি কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার ক্ষমতা, যেখানে এটি শুধু একক কাজ বারবার করে না।' 
তার মতে, রোবটটি দৈনন্দিন কথ্য ভাষায় দেওয়া নির্দেশও বুঝতে ও কার্যকর করতে পারে। 

পূর্ণাঙ্গ ট্রায়াল প্রোগ্রামের বিস্তারিত এখনো প্রকাশ না হলেও কোম্পানির উইচ্যাট অ্যাকাউন্টে এরই মধ্যে দুই হাজারের বেশি আবেদন বা বার্তা এসেছে।
একজন নারী লিখেছেন, তিনি চাকরিজীবী এবং দুই সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নিতে গিয়ে প্রতিদিন খুব ক্লান্ত হয়ে পড়েন। তিনি চান এমন এক রোবট, যাতে তিনি সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারেন।

কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান বিজ্ঞানী চু চেং জানান, পরীক্ষায় অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে 'বাস্তব জীবনের বিভিন্ন ধরনের পরিবারকে প্রতিফলিত করার' ভিত্তিতে।

হুবেই হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টারের অপারেশন প্রধান হুয়াং ছুয়ানচৌ বলেন, এই ফ্রি ট্রায়াল প্রকল্পটি ল্যাব ও কারখানা থেকে সরাসরি বাস্তব ঘরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে। সূত্র: সিএমজি বাংলা