যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সঙ্গে ১ হাজার ৬৫০ কোটি ডলারের একটি চিপ সরবরাহ চুক্তি সই করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বিষয়টি নিশ্চিত করেছেন। এই চুক্তির ফলে স্যামসাংয়ের লোকসানে থাকা কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসায় বড় ধরনের গতি আসবে বলে আশা করা হচ্ছে।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলেন, ‘স্যামসাংয়ের টেক্সাসের নতুন বিশাল কারখানায় টেসলার পরবর্তী প্রজন্মের এআই৬ চিপ তৈরি হবে। এই প্রকল্পের কৌশলগত গুরুত্ব অনেক।’ তিনি আরও জানান, উৎপাদন দক্ষতা বাড়াতে তিনি ব্যক্তিগতভাবে কারখানার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। এই ঘোষণার পর স্যামসাংয়ের শেয়ারের দাম ৬ শতাংশেরও বেশি বেড়ে যায়। স্যামসাংয়ের টেক্সাসের কারখানাটি বড় গ্রাহকের অভাবে বেশ কিছুদিন ধরে সমস্যায় ছিল এবং এর কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছিল। এই চুক্তি প্রকল্পটিতে নতুন প্রাণ ফেরাবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের তথ্য অনুযায়ী, বৈশ্বিক ফাউন্ড্রি বাজারে স্যামসাংয়ের অংশ রয়েছে মাত্র ৮ শতাংশ, যেখানে শীর্ষে রয়েছে টিএসএমসি।
বর্তমানে স্যামসাং টেসলার এআই৪ চিপ তৈরি করে, যা গাড়ির ফুল সেলফ ড্রাইভিং সিস্টেমে ব্যবহার করা হয়। এর পরের প্রজন্মের এআই৫ চিপ তৈরি করবে টিএসএমসি। আর এই নতুন চুক্তির আওতায় এআই৬ চিপ তৈরি করবে স্যামসাং। এর আগে স্যামসাং এই বিশাল চিপ সরবরাহ চুক্তির কথা জানালেও গ্রাহকের নাম গোপন রাখে। পরে রয়টার্সের তিনটি সূত্র নিশ্চিত করে ওই গ্রাহক ছিল টেসলা।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ তৈরির দৌড়ে টিএসএমসি ও এসকে হাইনিক্সের মতো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে থাকায় স্যামসাং বেশ চাপের মধ্যে ছিল। কিউম সিকিউরিটিজের একজন বিশ্লেষক পাক ইউয়াক বলেন, এই চুক্তি স্যামসাংয়ের ফাউন্ড্রি ব্যবসার লোকসান কমাতে সাহায্য করবে। চলতি বছরের প্রথমার্ধে এই ব্যবসায় তাদের লোকসানের পরিমাণ ছিল ৫ ট্রিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৬০ কোটি ডলার)।