প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে রাউটারের প্রচলিত নকশায় বড় পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটি নান্দনিক নকশার নতুন ‘রাউটার এক্স৩ প্রো’ মডেলের রাউটারটি উন্মোচন করেছে। এটিকে হুয়াওয়ের প্রথম ‘আর্ট রাউটার’ বা শৈল্পিক রাউটার হিসেবে অভিহিত করা হচ্ছে। কেবল ইন্টারনেট সংযোগ দেওয়া নয়, বরং ঘরের সৌন্দর্যবর্ধনকেও এবার প্রাধান্য দিয়েছে হুয়াওয়ে।
নতুন এই রাউটারের নকশার থিম ‘গোল্ডেন মাউন্টেন আন্ডার দ্য সান’। স্বচ্ছ আবরণের ভেতর একটি ক্ষুদ্র পাহাড়ের প্রতিকৃতি এবং বিশেষ আলোকসজ্জা রয়েছে, যা দিনের সময়ের সঙ্গে সঙ্গে রং বদলায়। এর ‘সানরাইজ’ লাইটিং ঘরজুড়ে আলো ছড়াতে পারে, যা ব্যবহারকারী ‘হুয়াওয়ে স্মার্ট লাইফ’ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।
নান্দনিকতার পাশাপাশি আধুনিক ওয়াই-ফাই চাহিদার কথা মাথায় রেখে রাউটারটিতে শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। হুয়াওয়ে দাবি করেছে, এক্স৩ প্রো রাউটারটি ৩ হাজার ৫৭০ এমবিপিএস পর্যন্ত গতি দিতে সক্ষম। এতে রয়েছে ৫১২ মেগাবাইট র্যাম ও ১২৮ মেগাবাইট স্টোরেজ। সংযোগের জন্য এতে দুটি ২.৫-গিগাবিট ইথারনেট পোর্ট দেওয়া হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ল্যান ও ওয়্যান মোড শনাক্ত করতে পারে।
হুয়াওয়ে জানিয়েছে, মূল রাউটারটি প্রায় ৯০ বর্গমিটার এলাকা আওতাভুক্ত করতে পারে। সাব-রাউটার যুক্ত করলে তা ৯০ থেকে ১২০ বর্গমিটার পর্যন্ত নেটওয়ার্ক দিতে সক্ষম। এতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব ‘লিংজিয়াও’ চিপ ও ‘পিএলসি ৩.০’ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে ১৫টি পর্যন্ত সাব-রাউটার সংযুক্ত করা যাবে, যা বড় বা বহুতল ভবনে স্থিতিশীল ইন্টারনেট সংযোগের জন্য বেশ কার্যকর।
গেমারদের জন্য রাউটারটিতে ‘গেম টারবো’ মোড রাখা হয়েছে, যা ১৬০টির বেশি গেমের গতি বাড়াতে সাহায্য করে। এ ছাড়া প্যারেন্টাল কন্ট্রোল, গেস্ট ওয়াই-ফাই ও হোমসেক সুরক্ষা সুবিধাও রয়েছে। চীনে মূল রাউটারটির দাম ধরা হয়েছে ১ হাজার ২৯৯ ইউয়ান এবং সাব-রাউটারের দাম ৭৯৯ ইউয়ান। তবে সেট হিসেবে কিনলে দাম পড়বে ১ হাজার ১৯৯ ইউয়ান।