অ্যাপল মিউজিক ব্যবহারকারীদের গান শোনার অভিজ্ঞতা বদলে দিতে নতুন ফিচার ‘প্লেলিস্ট প্লেগ্রাউন্ড’ চালু করেছে অ্যাপল। আইওএস ২৬.৪ সংস্করণের মাধ্যমে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পছন্দমতো গানের তালিকা বা প্লেলিস্ট তৈরি করা যাবে। এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি ব্যবহারের জন্য অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত দামি আইফোনের প্রয়োজন নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
প্লেলিস্ট প্লেগ্রাউন্ড ব্যবহারের জন্য অ্যাপল মিউজিক অ্যাপের ‘লাইব্রেরি’ ট্যাবে গিয়ে নতুন প্লেলিস্ট তৈরির আইকনে ক্লিক করতে হবে। সেখানে নিজের পছন্দমতো গানের ধরন বর্ণনা করে একটি প্রম্পট দিলে এআই স্বয়ংক্রিয়ভাবে একটি তালিকা তৈরি করে দেবে। সাহায্য করার জন্য অ্যাপল বেশ কিছু নমুনা প্রম্পটও দিয়ে রেখেছে।
এই প্রযুক্তির একটি বিশেষ দিক, এটি তথ্য বা মেটাডেটা বিশ্লেষণ করতে পারে। যেমন- এআই দিয়ে প্লেলিস্ট তৈরির পর আপনি চাইলে নির্দেশনা দিয়ে ২০১৬ সালের আগের সব গান তালিকা থেকে বাদ দিতে পারবেন। এ ছাড়া সাধারণ প্লেলিস্টের মতো এটিও লাইব্রেরিতে সংরক্ষণ করা, অফলাইনে শোনার জন্য ডাউনলোড করা এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে। অ্যাপল ওয়াচ থেকেও এই প্লেলিস্টগুলো চালানো সম্ভব।
প্লেলিস্ট প্লেগ্রাউন্ড মূলত বর্তমান ট্রেন্ড এবং ব্যবহারকারীর গান শোনার ইতিহাসের ওপর ভিত্তি করে কাজ করে। এটি অ্যাপল মিউজিক সার্ভিসের একটি অংশ হিসেবে চলে বলে পুরোনো মডেলের ডিভাইসেও কাজ করে। আইফোন ও আইপ্যাড ছাড়াও এটি অ্যাপল ভিশন হেডসেট এবং অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করা যাবে। অ্যাপল জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য দেশ ও ভাষাতেও এই ফিচারটি উন্মোচন করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ব্যবহার গানপ্রেমীদের জন্য নতুন এক দিগন্ত উন্মোচন করল।