জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম পারপ্লেক্সিটি ম্যাকবুক ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ‘পার্সোনাল কম্পিউটার’ নামের একটি নতুন এআই অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করেছে। গত ফেব্রুয়ারিতে চালু হওয়া মাল্টি-মডেল প্রযুক্তির ওপর ভিত্তি করে এই সফটওয়্যার তৈরি করা হয়েছে। এটি মূলত একটি শক্তিশালী এআই এজেন্ট হিসেবে কাজ করবে, যা ব্যবহারকারীর ফাইল, অ্যাপ ও ইন্টারনেটের সঙ্গে সমন্বয় করে জটিল সব কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে।
পারপ্লেক্সিটির এই নতুন টুল কেবল ব্যবহারকারীর দৈনন্দিন কাজের তালিকা বা ‘টু-ডু লিস্ট’ পড়তে পারে না, বরং সেই কাজগুলো সরাসরি সম্পন্ন করতেও সক্ষম। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী তার ম্যাকের ‘নোটস’ অ্যাপ ওপেন করে সাহায্য চাইলে সিস্টেমটি নিজে ঠিক করবে কীভাবে কাজ শুরু করতে হবে। এটি অ্যাপল মেসেজেস এবং বিভিন্ন ফাইলের মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় বার্তা পাঠাতে ও তথ্য সাজাতে পারে। এ ছাড়া এলোমেলো ফোল্ডারগুলো গুছিয়ে ফাইলগুলোর অর্থপূর্ণ নাম দেওয়া এবং একটি সুশৃঙ্খল কাঠামো তৈরি করাও এখন অনেক সহজ হবে।
এই অ্যাসিস্ট্যান্টকে ভয়েস কমান্ডের মাধ্যমেও নির্দেশনা দেওয়া যাবে। এমনকি স্মার্টফোনের মাধ্যমেও কম্পিউটারকে বিভিন্ন কাজ করার আদেশ দেওয়া সম্ভব। নিরাপত্তার বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অ্যাপ একটি সুরক্ষিত ‘স্যান্ডবক্স’ পরিবেশে ফাইল তৈরি করে। এর প্রতিটি পদক্ষেপ তদারকি করা যায় ও প্রয়োজনে যেকোনো কাজ বাতিল বা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়। পারপ্লেক্সিটির মতে, এটি কোনো অনিয়ন্ত্রিত সফটওয়্যার নয়, বরং এটি আপনার বিশ্বস্ত কর্মী বাহিনীর মতো কাজ করবে।
আপাতত কেবল ‘ম্যাক্স’ সাবস্ক্রাইবাররা এই সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে খুব শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যারা আগে থেকে ওয়েট-লিস্টে নাম লিখিয়ে রেখেছেন, তারা অগ্রাধিকার পাবেন। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও প্রোডাক্টিভ করতে এই উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে পারপ্লেক্সিটি।