বাজেট ঠিক করুন শুরুতেই
কম বাজেটে ভ্রমণের সবচেয়ে বড় গোপন রহস্য হলো- আগে থেকে পরিকল্পনা করা। হুটহাট রওনা দিলে খরচ বেড়ে যায়, তাই প্রথমেই ঠিক করুন-
• কোথায় যাবেন
• কতদিন থাকবেন
• কী কী দেখতে চান
• মোট বাজেট কত
এই চারটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলেই ভ্রমণের অর্ধেক কাজ শেষ। গুগল ম্যাপ, ইউটিউব বা ট্রাভেল ব্লগ দেখে জায়গা সম্পর্কে ধারণা নিন। এতে অপ্রয়োজনীয় খরচ কমবে এবং আপনিই নিজের ট্রাভেল গাইড হয়ে উঠবেন।
কাছাকাছি জায়গাকে প্রাধান্য দিন
বাজেট কম মানেই বিদেশ বা দূরের জেলা বাদ। বাংলাদেশে অসংখ্য জায়গা রয়েছে যেখানে কম খরচে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যায়- সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শ্রীমঙ্গল, সাজেক, কাপ্তাই লেক, পদ্মা সেতুর আশপাশের এলাকা, কুমিল্লার ময়নামতি কিংবা রাজশাহী-নাটোরের ঐতিহ্যবাহী স্থানগুলো। কাছাকাছি জায়গায় গেলে-
• যাতায়াতে খরচ কমবে
• সময় বাঁচবে
• হঠাৎ সমস্যায় পড়লেও সহজে ফিরে আসা যাবে
তাই দীর্ঘ ভ্রমণের আগে কাছের স্পটগুলো ঘুরে দেখুন- অনেক কিছুই নতুন মনে হবে।
সময়মতো টিকিট, ঠিক পরিবহন
যাতায়াত খরচই সাধারণত বাজেটের বড় অংশ। তাই একটু বুদ্ধিমত্তা জরুরি-
• অফ সিজনে ট্রিপ দিন; বাস-ট্রেন ভাড়া কম থাকে
• রাতের বাস ধরলে হোটেলের এক রাতের খরচ বাঁচবে
• গ্রুপে গেলে রিজার্ভ অটোরিকশা বা সিএনজিচালিত অটোরিকশা নেওয়ার খরচ ভাগ হয়ে যাবে
• আগেই টিকিট নিলে শেষ মুহূর্তের বেশি ভাড়া দিতে হয় না
• এ ছাড়া পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে খরচ অনেক কমে যায়
বাজেট হোটেল ও গ্রুপ শেয়ারিং
থাকার জায়গা নির্বাচনেও বুদ্ধি দরকার। অনেকেই হোটেল খরচের কারণে ভ্রমণ বাদ দেয়, কিন্তু বাস্তবে-
• গেস্ট হাউস
• ডরমিটরি
• ব্যাকপ্যাকার হোস্টেল
• বন্ধুদের সঙ্গে রুম শেয়ার করা
এসবের মাধ্যমে খুব কম খরচে আরামদায়ক থাকা যায়। ফেসবুক গ্রুপ বা গুগল রিভিউ দেখে আগে থেকেই রেট জেনে নিতে পারেন। মনে রাখবেন, ভ্রমণে হোটেল শুধু বিশ্রামের জায়গা- বেশি টাকা খরচ করে বিলাসিতা করার দরকার নেই।
স্থানীয় খাবারই সেরা
ভ্রমণে অপ্রয়োজনীয় খরচের বড় জায়গা হলো খাবার। তাই-
• দাম তুলনামূলক কম এমন স্থানীয় রেস্টুরেন্টে খাবেন
• নাশতা হিসেবে পরোটা-ডিম, খিচুড়ি বা ভাত-ডাল নিলে খরচ কম
• পানি ও কিছু শুকনো খাবার সঙ্গে রাখলে বাইরে বড় অঙ্কের খরচ বাঁচবে
• ট্যুরিস্ট স্পটে খাওয়া-দাওয়ার দাম বেশি- সেগুলো এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর, নিরাপদ আর সাশ্রয়ী খাবারই ভ্রমণকে আনন্দময় করে।
প্রয়োজনীয় জিনিসই যথেষ্ট
অনেকেই ভ্রমণে প্রয়োজনের বাইরে অনেক কিছু বহন করে, ফলে ব্যাগ ভারী হয় এবং ঝামেলা বাড়ে। সঙ্গে রাখবেন-
• দুয়েক জোড়া হালকা পোশাক
• চার্জার, পাওয়ার ব্যাংক
• স্যান্ডেল বা আরামদায়ক জুতা
• ট্রাভেল সাইজ টয়লেট্রি
• ওষুধ (মোশন সিকনেস, ব্যথানাশক), সানস্ক্রিন
• প্রয়োজন হলে পানির বোতল
অতিরিক্ত জিনিস মানেই অতিরিক্ত ঝামেলা- এটা মাথায় রাখুন।
অপ্রয়োজনীয় খরচ এড়ান
ট্রিপে গেলে অনেকেই ছবি দেখে বা আবেগে পড়ে কেনাকাটায় বেশি টাকা খরচ করে ফেলে। মনে রাখবেন- আপনার উদ্দেশ্য ভ্রমণ, বাজার করা নয়।
• অপ্রয়োজনীয় স্যুভেনির
• দামি কফি, স্ন্যাকস
• পেইড ট্যুরিস্ট অ্যাক্টিভিটি
এসব কমিয়ে দিলে আপনার বাজেট অর্ধেক কমে যাবে।
গ্রুপ ট্রিপ করুন-খরচ ভাগ, আনন্দ দ্বিগুণ
বন্ধুদের সঙ্গে ভ্রমণের মজা আলাদা। তা ছাড়া-
• হোটেল ভাড়া ভাগ হয়
• যাতায়াত খরচ কমে
• নিরাপত্তা বাড়ে
• মজা ও অভিজ্ঞতা আরও বেশি হয়
কম বাজেটে ঘোরার ক্ষেত্রে গ্রুপ ট্রিপ সবচেয়ে কার্যকর কৌশল।
ভ্রমণ টাকা নয়, মানসিকতার ব্যাপার
বাজেট কম বলে ভ্রমণ বাদ দেওয়ার কোনো মানেই নেই। বরং বুদ্ধি, পরিকল্পনা আর সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে খুব কম খরচেও দুর্দান্ত ভ্রমণ সম্ভব। তরুণ বয়সই শেখার, দেখার, অভিজ্ঞতা অর্জনের সময়- তাই অল্প বাজেটে হলেও বেরিয়ে পড়ুন। পৃথিবী দেখলে আপনার চিন্তার জগৎ বদলে যাবে, সাহস বাড়বে, নতুন আইডিয়া আসবে।

