প্রায় ছয় মাস ধরে জ্যাকেটের পকেটে ফেলে রাখা লটারির টিকিটে জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক ব্যক্তি ১৫.৩ মিলিয়ন ইউরো বা ১৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মূদ্রায় প্রায় ২১৮ কোটি টাকার) জিতেছেন। ফ্রান্স-২৪-এর খবর।
জানা গিয়েছে, শীতকাল চলে যাওয়াতে এই লটারির টিকেট তিনি জ্যাকেটের পকেটে রেখে দেওয়ার পর তা বেমালুম ভুলে যান। এর মধ্যে লটারির সেই টিকিটে অর্জন করে বসে আছেন বিপুল অর্থ।
অবশেষে এই জার্মান ব্যক্তি প্রায় ছয় মাস পর লটারি কোম্পানির খোঁজ ও রেডিও বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের এই অবিশ্বাস্য অর্জনের কথা জানতে পারেন।
এমনকি লোকটি কোম্পানির ভাগ্যবান বিজয়ী খুঁজে বের করার প্রচারণার কথাও শুনেছিলেন। সেসময় নাকি তিনি মনে মনে ভাবেন, " আহহা! তুমি কতটা বোকা হতে পারো? এটি সংগ্রহ করলে না!'"
তিনি জানান, "তিনি কখনও ভাবেননি যে তিনিই সেই ব্যক্তি যাকে তারা খুঁজছিল।" এরপর, লোকটি গত সপ্তাহের শেষে গত মার্চ মাস থেকে ফেলে রাখা জ্যাকেটের পকেটে হাত দিলে টিকিটটি দেখতে পান।
তিনি বলেন, "কৌতুহলবশত ফোনে টিকিটের নম্বরগুলো চেক করে দেখলাম আমি ১৫.৩ মিলিয়ন ইউরো (১৮ মিলিয়ন ডলার) জিতেছি। তখন আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ভাগ্যক্রমে আমি বসে ছিলাম, নাহলে দাঁড়ানো অবস্থায় থাকলে আমার হাঁটু অবধারিত ভেঙে যেত।"
এদিকে, এত টাকা দিয়ে কী করবেন সেটি জিজ্ঞাসা করা হলে লোকটি জানান, তিনি প্রথমে একটি নতুন লিভিং রুমের সোফা কিনবেন। এর বাইরে, তিনি তার স্ত্রী-সন্তানদের ভরণপোষণের জন্য অর্থের সিংহভাগ ব্যয় করার পরিকল্পনা করছেন।
তিনি আরও জানান, তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন যে, তাদের এত টাকা পাওয়ার কথা অন্য কাউকে বলবেন না।
ঘটনাটি ঘটেছিল চলতি বছরের মার্চ মাসে। জার্মানিতে তখন শীতকাল। লটারি কোম্পানি নির্ধারিত সময়ে বিজয়ী নম্বর ঘোষণা করলেও, কেউ পুরস্কার দাবি করতে আসেনি। প্রতিদিন কয়েকজনের চেষ্টা ব্যর্থ হয় এবং কোম্পানি পত্রিকা, রেডিও, পোস্টারের মতো নানান মাধ্যমে বিজয়ীর খোঁজ শুরু করে।
বসন্ত পেরিয়ে গ্রীষ্ম আসে, কিন্তু বিজয়ীর খোঁজ মেলে না, টিকিটের মালিক তখনো নিজের ভাগ্য জানেন না। এরপর, একদিন রেডিওতে লটারি বিজয়ীর খোঁজের খবর শুনে তিনি মনে করেন, “এত বোকা কে হতে পারে যে এমন পুরস্কারের পরও টিকিট আনবে না?”
কিন্তু পরে বুঝতে পারেন, সেই বোকা তিনি নিজেই। ব্যক্তিটি সংবাদমাধ্যমে নিজের নাম প্রকাশ করতে চাননি।
সুলতানা দিনা/