যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের টিম অ্যান্ড্রুজ নামের এক ব্যক্তি শরীরে জেনেটিকভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে সর্বোচ্চ (রেকর্ড) ৯ মাস (২৭১ দিন) বাঁচার পর অবশেষে সেই কিডনি অপসারণ করা হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের খবর।
ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের কিডনি প্রতিস্থাপনের মেডিকেল ডিরেক্টর লিওনার্দো রিয়েলা জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) চিকিৎসকেরা অস্ত্রোপচার করে অ্যান্ড্রুজের শরীর থেকে শূকরের কিডনিটি সরিয়ে দেন। কারণ ওই কিডনির কার্যকারিতা ধীরে ধীরে কমে যাচ্ছিল। কিডনি অপসারণের পর এখন আবার ডায়ালাইসিসে ফিরছেন অ্যান্ড্রুজ।
৬৭ বছর বয়সী টিম অ্যান্ড্রুজ যুক্তরাষ্ট্রে এমন চতুর্থ জীবিত ব্যক্তি, যার শরীরে শূকরের জিন-সম্পাদিত কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এই বিশেষ ধরনের জেনেটিক পরিবর্তন করা হয় যেন মানবদেহ সেই অঙ্গকে প্রত্যাখ্যান না করে।
১৯৯০-এর দশক থেকে ডায়াবেটিসে ভোগা অ্যান্ড্রুজের তিন বছর আগযে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ডায়ালাইসিস করে তাকে বাঁচিয়ে রাখা হয়। সপ্তাহে তিন দিন ছয় ঘণ্টা ধরে মেশিনে সংযুক্ত থাকার ক্লান্তিকর প্রক্রিয়া থেকে মুক্য়তি পেতে ঝুঁকি জেনেও তিনি ‘জেনোট্রান্সপ্লান্ট’ অর্থাৎ প্রাণীর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনের পরীক্ষায় অংশ নেন। এরপর ৯ মাস ধরে শূকরের কিডনি নিয়ে বেঁচে থাকার পর তার সেই কিডনি অপসারণ করা হয়েছে।
ম্যাসাচুসেটসের সার্জনরাজেনারেল হাসপাতাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, কিডনির কার্যকারিতা কমে যাওয়ার পর নিউ হ্যাম্পশায়ারের ৬৭ বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড শূকরের কিডনি অপসারণ করা হয়েছে। অঙ্গটি প্রায় নয় মাস ধরে কাজ করেছিল, যা পূর্ববর্তী শূকর অঙ্গ প্রতিস্থাপনের চেয়ে বেশি ছিল।
মানুষ দাতার অঙ্গ-প্রত্যঙ্গের চাহিদা সরবরাহের চেয়ে মারাত্মকভাবে বেশি হওয়ায়, বিজ্ঞানীরা জেনেটিক্যালি সম্পাদিত শূকর অঙ্গগুলো এই ব্যবধান পূরণ করতে পারে কিনা তা দেখার জন্য কাজ করছেন।
শরীরে শূকরের কিডনির অভিজ্ঞতা সম্পর্কে অ্যান্ড্রুজ ফেসবুকে লিখেন, ‘এই যাত্রা ছিল কষ্টে ভরা, অজানা সব পরীক্ষা-নিরীক্ষা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে।’ তবে তিনি গর্বের সঙ্গে যোগ করেন, ‘এই ৯ মাসে আমরা অনেক কিছু শিখেছি ও আবিষ্কার করেছি।’ তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই শূকরটির প্রতিও, যার নাম ছিল ‘উইলমা’। তিনি লিখেছেন—‘সে (উইলমা) আমার নায়িকা, আমার জীবনের অংশ হয়ে থাকবে চিরকাল।’
তিনি জানান, কিডনি প্রতিস্থাপনের পর তিনি আবার রান্না করা, ঘর পরিষ্কার করা, এমনকি কুকুর কাপকেককে নিয়ে হাঁটতে বের হওয়াও শুরু করেছিলেন। গত জুনে তিনি ফেনওয়ে পার্কে প্রিয় বোস্টন রেড সক্স দলের খেলা দেখা শুরু করার আগে প্রথম বল ছোড়ার সম্মান পান।
বর্তমানে অ্যান্ড্রুজ আবার ডায়ালাইসিস নিচ্ছেন এবং মানব কিডনির অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৯০ হাজার মানুষ কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন।
সুলতানা দিনা/